© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেন কটাক্ষের শিকার অমিতাভ নাতনি নব্যা?

শেয়ার করুন:
কেন কটাক্ষের শিকার অমিতাভ নাতনি নব্যা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৪ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের প্রথম পরিবারের সদস্য হয়েও অভিনয়ের আলো থেকে নিজেকে দূরে রেখেছেন তিনি। তবু কটাক্ষ যেন পিছু ছাড়ে না। সম্প্রতি সেই নিয়েই খোলামেলা কথা বললেন নব্যা নবেলী নন্দা, যিনি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন এর নাতনি।

ছোটবেলা থেকেই রুপোলি দুনিয়ার আড়ম্বর তাঁর খুব একটা টানেনি। বরং ব্যবসা ও সমাজকেন্দ্রিক কাজেই নিজের ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নব্যা। অভিনয়ে না এসেও প্রায়ই শিরোনামে উঠে আসেন তিনি। কিন্তু সেই আলো সব সময় প্রশংসার নয়। সমাজমাধ্যমে তাঁকে ঘিরে তৈরি হয়েছে নানা ভুল ধারণা, কটূক্তি আর অকারণ সমালোচনা।



নিজেকে লাজুক ও অন্তর্মুখী বলেই পরিচয় দেন নব্যা। তাঁর দাবি, এই স্বভাবের কারণেই অনেকেই তাঁকে ভুল বোঝেন। আর সেই ভুল বোঝাবুঝি থেকেই জন্ম নেয় কটাক্ষ। তবে এ সবকে ব্যক্তিগত আঘাত হিসেবে নিতে চান না তিনি। বরং সচেতনভাবেই চেষ্টা করেন, যাতে নেতিবাচক মন্তব্য তাঁর আত্মবিশ্বাসে প্রভাব না ফেলে।

সমাজমাধ্যমে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছেন মূলত কাজের প্রয়োজনে। নব্যার কথায়, মানুষের জন্য কাজ করেন বলেই মানুষের প্রতিক্রিয়া জানা তাঁর কাছে গুরুত্বপূর্ণ। কে কী বলছেন, তা জানা প্রয়োজন যাতে নিজের কাজ আরও উন্নত করা যায়, মানুষের প্রত্যাশা বোঝা যায়। ব্যক্তিগত প্রচার নয়, বরং পেশাগত দায়বদ্ধতাই তাঁর অনলাইন উপস্থিতির মূল কারণ।

অভিনয়ের ঝলকানি এড়িয়ে অন্য পথে হাঁটলেও, পারিবারিক পরিচয়ের ভার যে সহজ নয়, তা স্পষ্ট নব্যার কথায়। তবু সমালোচনার ভিড়ে নিজস্ব স্বর ও লক্ষ্য ধরে রাখতেই বদ্ধপরিকর তিনি।

পিআর/টিকে

মন্তব্য করুন