মন্ত্রীত্ব পেয়ে প্রথমবার নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছেন তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
১০:০৩ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ ও দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছেন এম জহির উদ্দিন স্বপন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে টানা তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। নির্বাচনের পর শপথ গ্রহণসহ আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতে এত দিন ঢাকায় অবস্থান করছিলেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বরিশাল শহর ও নিজ নির্বাচনী এলাকায় যাবেন জহির উদ্দিন স্বপন।
সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় প্রেসক্লাব থেকে সড়ক পথে গৌরনদীর উদ্দেশে যাত্রা শুরু করবেন তিনি।
রাত ১০টার দিকে গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ডে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এরপর রাত ১২টা ১ মিনিটে গৌরনদীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন মন্ত্রী। রাত সাড়ে ১২টার দিকে বরিশাল সার্কিট হাউসে তার রাত যাপনের কথা রয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মহান শহীদ দিবস উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। একই দিন দুপুর ২টায় আগৈলঝাড়া অডিটোরিয়ামে মন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান এবং বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গৌরনদী অডিটোরিয়ামে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান এবং দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের সঙ্গে আরেকটি মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে মন্ত্রীর। সফর শেষে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সরিকলের নিজ বাসভবন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
এসকে/টিকে