বিয়ের ছবি ফাঁস রুখতে বিশেষ ব্যবস্থা রাশমিকা-বিজয়ের!
ছবি: সংগৃহীত
১০:১১ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
দীর্ঘ দিন ধরেই সম্পর্ক নিয়ে জল্পনা, আর এ বার সেই জল্পনা ঘিরেই চূড়ান্ত কৌতূহল। শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় আয়োজনের মধ্যেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। তবে বিয়ে নিয়ে উচ্ছ্বাস যতই থাক, নিজেদের ব্যক্তিগত মুহূর্ত জনসমক্ষে আনতে মোটেই রাজি নন এই তারকাযুগল।
সূত্রের দাবি, উদয়পুরের ঐতিহাসিক প্রাসাদেই বসতে পারে তাঁদের বিয়ের আসর। যদিও এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি কেউই। ৪ মার্চ হায়দরাবাদে প্রীতিভোজের আয়োজনের কথাও শোনা যাচ্ছে। এমনকি একটি আমন্ত্রণপত্র সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সেই আমন্ত্রণপত্রের সত্যতা এখনও স্পষ্ট নয়।

সবচেয়ে বেশি চর্চায় এসেছে নিরাপত্তা ব্যবস্থা। জানা গিয়েছে, বিয়ের ছবি বা কোনও ব্যক্তিগত মুহূর্ত যাতে বাইরে ফাঁস না হয়, তার জন্য কড়া পদক্ষেপ নিয়েছেন বিজয়-রাশমিকা। একটি বিদেশি নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। পাশাপাশি রাজস্থানের বিশেষ নিরাপত্তা দলও নাকি মোতায়েন থাকবে। অতিথিদের ক্ষেত্রেও থাকছে কড়াকড়ি নিয়ম। মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণ, নির্দিষ্ট অঞ্চলে প্রবেশের বিধিনিষেধ সব মিলিয়ে আয়োজনটি থাকছে সম্পূর্ণ গোপনীয়তার আবরণে।
এই কৌশল নতুন নয়। এর আগে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ-এর বিয়েতেও এমন কড়া নিরাপত্তা দেখা গিয়েছিল। তাঁদের মতোই ব্যক্তিগত মুহূর্ত নিজেদের নিয়ন্ত্রণেই রাখতে চাইছেন বিজয় ও রাশমিকা।
বিয়ের প্রসঙ্গে প্রকাশ্যে প্রশ্ন করা হলে রশ্মিকার লাজুক হাসিই এখন একমাত্র ইঙ্গিত। মুখে কুলুপ থাকলেও প্রস্তুতি যে জোরকদমে চলছে, তা স্পষ্ট। অনুরাগীরা অপেক্ষায় অবশেষে কবে দেখা মিলবে সেই বহু প্রতীক্ষিত মুহূর্তের।
পিআর/টিকে