হুমকির পর প্রথমবার প্রকাশ্যে রণবীর-দীপিকা
ছবি: সংগৃহীত
১০:২৯ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
হুমকি ফোনে চাওয়া হয়েছে ১০ কোটি টাকা। সেই ঘটনার পর থেকেই কড়া নিরাপত্তায় ঘেরা মুম্বইয়ের আবাসন। তবু আতঙ্ককে মুখের অভিব্যক্তিতে জায়গা দেননি রণবীর সিং ও দীপিকাপাড়ুকোন। হুমকির পর প্রথমবার প্রকাশ্যে দেখা গেল তারকা দম্পতিকে।
শুক্রবার মুম্বইয়ে ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক বিদ্যালয়ের বিশেষ অনুষ্ঠানে হাজির হন তাঁরা। সেখানে সম্মানিত করা হয় কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন-কে। বাবার সেই বিশেষ মুহূর্তে পাশে থাকতে স্বামী রণবীরের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন দীপিকা। উপস্থিত অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন দু’জনেই। সাম্প্রতিক ঘটনার কোনও ছাপ তাঁদের আচরণে চোখে পড়েনি।

কিছু দিন আগে রণবীরের ফোনে আসে হুমকিবার্তা। নির্দিষ্ট অঙ্কের টাকা না দিলে পরিণতি ভালো হবে না এমন সতর্কবার্তা মিলতেই তদন্তে নামে মুম্বই পুলিশ। বাড়ানো হয় নিরাপত্তা। বলিউডে লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর নাম ঘিরে যে আতঙ্ক ছড়িয়ে আছে, তার আবহেই ঘটেছে এই ঘটনা।
এই পরিস্থিতির মাঝেই প্রকাশ্যে এসে স্বাভাবিক ছন্দে ফিরতে চাওয়ার বার্তা দিলেন রণবীর-দীপিকা। পারিবারিক গর্বের মুহূর্তে একসঙ্গে উপস্থিত থেকে যেন বুঝিয়ে দিলেন, ভয় নয় জীবনই শেষ কথা।
পিআর/টিকে