© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্কিন মডেলে মন, অনন্যার পোস্টে উসকে প্রেমের জল্পনা

শেয়ার করুন:
মার্কিন মডেলে মন, অনন্যার পোস্টে উসকে প্রেমের জল্পনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৪ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের আকাশে আবারও ভাসছে প্রেমের গুঞ্জন। আলোচনার কেন্দ্রে তরুণ অভিনেত্রী অনন্যা পাণ্ডে। শোনা যাচ্ছে, মার্কিন মডেল ওয়াকার ব্লাঙ্কার প্রতি নাকি মন হারিয়েছেন তিনি। যদিও দু’জনের কেউই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি, তবু সামাজিক যোগাযোগমাধ্যমের আদুরে আদানপ্রদানেই যেন জল্পনার আগুনে ঘি পড়েছে।

সূত্র বলছে, ২০২৪ সালে মুম্বাইয়ে অনন্ত আম্বানির প্রাক্‌বিবাহ উৎসবে প্রথম আলাপ হয় অনন্যা ও ওয়াকারের। সেই অনুষ্ঠানে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁদের। সেখান থেকেই বন্ধুত্বের শুরু, পরে যা আরও গভীর হয়েছে বলেই মনে করছেন ঘনিষ্ঠ মহল। তবে মাঝখানে এই সম্পর্ক নিয়ে চর্চা থেমে গেলেও সাম্প্রতিক একটি জন্মদিনের শুভেচ্ছাবার্তা ফের সবকিছু নতুন করে সামনে নিয়ে এসেছে।

ওয়াকারের জন্মদিনে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি শেয়ার করে অনন্যা লেখেন, ‘তুমিই সেরা।’ আরেকটি ছবিতে কেকের ঝলক দেখিয়ে মিষ্টি ইঙ্গিতও দেন। এই আদুরে বার্তা নজর এড়ায়নি নেটদুনিয়ার। ভক্তদের একাংশের দাবি, এতটা ঘনিষ্ঠ ভঙ্গিতে শুভেচ্ছা কেবল বন্ধুত্বের সীমায় আটকে থাকে না।



অন্যদিকে অনন্যার জন্মদিনেও একইভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন ওয়াকার। পারস্পরিক এই উষ্ণতা ঘিরেই জোরদার হয়েছে সম্পর্কের জল্পনা। যদিও দু’জনেই বিষয়টি নিয়ে নীরব, তবু তাঁদের ঘিরে বিনোদুনিয়ায় চলছে বিস্তর আলোচনা।

এর আগে অভিনেতা কার্তিক আরিয়ানর সঙ্গে অনন্যার সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি। সেই সম্পর্ক ভেঙে গেলেও বন্ধুত্ব বজায় রয়েছে। এমনকি বিচ্ছেদের পরও একসঙ্গে কাজ করেছেন তাঁরা। সম্প্রতি ‘তু মেরি ম্যায় তেরা’ ছবিতে পর্দায় রোম্যান্সে দেখা গেছে এই জুটিকে। পর্দার প্রেমের রেশ কাটতে না কাটতেই বাস্তব জীবনের নতুন গুঞ্জন যেন আরও কৌতূহল বাড়িয়ে দিয়েছে।

সব মিলিয়ে বলিউডে এখন প্রশ্ন একটাই বন্ধুত্ব নাকি প্রেম? সময়ই দেবে তার উত্তর। তবে আপাতত অনন্যা ও ওয়াকারের আদুরে বার্তালাপেই মজেছে ভক্তমহল।


পিআর/টিকে



মন্তব্য করুন