অভিনয় নয়, ব্যবসায় মন অভিনেত্রী আয়ুসীর!
ছবি: সংগৃহীত
০৮:২০ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত আর্চির গ্যালারি ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন আয়ুসী তালুকদার। তারপর কেটে গেছে প্রায় তিন বছর। বড়পর্দায় আর দেখা যায়নি তাঁকে। অন্যদিকে তাঁর প্রেমিক অভিনেতা সোমরাজ মাইতি এখন ব্যস্ত কনে দেখা আলো ধারাবাহিকের কাজে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আয়ুসী কেন অভিনয় থেকে দূরে?
রোল, ক্যামেরা, অ্যাকশনের ব্যস্ততা থেকে সরে এসে এই সময়ের মধ্যে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছেন তিনি। খুলেছেন পিলাটিজ় অনুশীলনের কেন্দ্র। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসাকে গড়ে তুলতেই এখন বেশি সময় দিচ্ছেন অভিনেত্রী। তাঁর কথায়, শুধুমাত্র আলোচনায় থাকার জন্য বা ক্যামেরার সামনে দেখা যাওয়ার তাগিদে যে কোনও চিত্রনাট্যে সায় দিতে চান না। ভাল চরিত্রের প্রস্তাব না এলে কাজ করার ইচ্ছেও নেই।
আয়ুসীর মতে, গত কয়েক বছরে তাঁর কাছে তেমন উল্লেখযোগ্য চরিত্রের সুযোগ আসেনি। পাশাপাশি নিজের ব্যবসা থাকায় আর্থিক চাপও তুলনামূলক কম। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে তাঁর। যে কোনও প্রস্তাবে রাজি হয়ে যাওয়ার প্রবণতা থেকে সরে এসে তিনি অপেক্ষা করছেন পছন্দসই কাজের।

তবে সম্পূর্ণভাবে অভিনয় ছেড়ে দিচ্ছেন না আয়ুসী। গত ছয় মাসে একাধিকবার মুম্বইয়ে যাতায়াত করেছেন। হিন্দি ভাষার কাজে আগ্রহ বেশি বলেই জানিয়েছেন তিনি। তাঁর মতে, সেখানে প্রতিযোগিতা যেমন তীব্র, তেমনই সুযোগের পরিসরও বড়। মার্চ মাসেই একটি হিন্দি ধারাবাহিকভিত্তিক অনলাইন কাহিনির কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে বাংলাতেও নতুন ছবির কথাবার্তা চলছে। সব মিলিয়ে বড়পর্দা থেকে সাময়িক দূরত্ব নিলেও অভিনয়জগত থেকে সরে যাচ্ছেন না আয়ুসী তালুকদার। বরং নিজের শর্তে, নিজের সময়মতোই ফিরতে চান তিনি।
এমকে/টিকে