রাজপালের ৯ কোটি মামলায় নতুন মোড়, জড়াল অমিতাভের নাম!
ছবি: সংগৃহীত
০২:২১ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২৬
নয় কোটি টাকার চেক বাউন্স মামলায় অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেয়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। তিহাড় জেল থেকে বেরিয়েই তিনি যোগ দেন পরিবারের এক বিয়ের অনুষ্ঠানে। তবে আইনি লড়াই এখনো থামেনি। ১৮ মার্চ পর্যন্ত দিল্লি উচ্চ আদালত তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। এর মধ্যেই মামলাকে ঘিরে সামনে এল নতুন মোড় আইনজীবীর দাবিতে জড়িয়ে গেলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন।
এই মামলায় রাজপালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন ব্যবসায়ী মাধবগোপাল আগরওয়াল। তাঁর আইনজীবী ভাস্কর উপাধ্যায় দাবি করেছেন, বিষয়টি শুধু আর্থিক লেনদেনের জটিলতায় আটকে ছিল না। ২০১২ সালে একটি ঘটনার পর থেকেই সম্পর্কের অবনতি ঘটে। সে সময় রাজপাল অভিনীত ‘আতা পাতা লাপাতা’ ছবির সংগীত উন্মোচনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন। সেখানেই ব্যবসায়ী মাধবগোপাল অমিতাভের সঙ্গে মঞ্চ ভাগ করে ছবি তুলতে চান। কিন্তু রাজপালের টিম সেই প্রস্তাবে সায় দেয়নি। অভিযোগ, অমিতাভ অনুষ্ঠানে উপস্থিতির জন্য কোনও পারিশ্রমিক নেননি, তাই আয়োজকদের তরফে অতিরিক্ত সুবিধা দেওয়ার প্রশ্নও ওঠেনি। সেই ঘটনাতেই ক্ষুব্ধ হন ব্যবসায়ী এবং পরে আইনি পথে হাঁটেন।

মূল মামলার সূত্র আরও পুরোনো। ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ ছবির জন্য দিল্লির একটি সংস্থা থেকে পাঁচ কোটি টাকা ধার নিয়েছিলেন রাজপাল। ছবি বক্স অফিসে সাড়া ফেলতে না পারায় সেই অর্থ পরিশোধ করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে সুদসহ অঙ্ক বেড়ে দাঁড়ায় নয় কোটিতে। একাধিকবার সুযোগ পেয়েও বকেয়া না মেটানোয় চলতি মাসের ৫ ফেব্রুয়ারি দিল্লি উচ্চ আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেন অভিনেতা। আগামী মার্চে মামলার পরবর্তী শুনানি রয়েছে।
আইনি জটিলতার এই আবর্তে অমিতাভ বচ্চনের নাম জড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই ঘটনায় তাঁর প্রত্যক্ষ আর্থিক সংশ্লিষ্টতার কোনও প্রমাণ সামনে আসেনি। তবু বলিউড মহলে প্রশ্ন উঠছে, এক পুরোনো অনুষ্ঠানের অভিমান কীভাবে এত বড় আইনি লড়াইয়ের সূত্রপাত করল।
পিআর/টিকে