আমিরের পর এবার অরিজিতের বাড়িতে নতুন অতিথি!
ছবি: সংগৃহীত
১০:৩৯ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কেউ কেউ বলছেন অরিজিতের আগামী সিনেমার সঙ্গে যিশু এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত জড়িত আছেন।
বলিউডি অভিনেতা আমির খানের পর ভারতীয় গায়ক অরিজিত সিংয়ের বাড়িতে নতুন অতিথির পা পড়েছে। আর তা নিয়েও চলছে আলোচনা।
গায়কের বাড়িতে এবার হাজির অভিনেতা যিশু সেনগুপ্ত ও সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।
ভারতের একটি গণমাধ্যমকে জানান, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগের দিন শুক্রবার পৌঁছান যিশু ও ইন্দ্রদীপ। তবে অল্প সময়ের জন্যই তারা ছিলেন বলে খবরে এসেছে।
অভিনেতা ও সংগীত পরিচালকের এই সফরের পেছনের কারণ অবশ্য সামনে আসেনি। কেউ কেউ বলছেন অরিজিতের আগামী সিনেমার সঙ্গে যিশু এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত জড়িত আছেন।
এ মাসের শুরুর দিকে অরিজিতের বাড়িতে চারদিনের আতিথ্য গ্রহণ করেন আমির। অরিজিতের বাড়িতে আমির কেন গিয়েছিলেন তা নিয়ে নানা কথা উড়লেও পরে আসল কারণ স্পষ্ট করেন অভিনেতা নিজেই।
আমির বলেছিলেন, তার অরিজিতের বাড়িতে যাওয়ার কারণ যদিও ভিন্ন ছিল, তবুও ব্যক্তিগতভাবে তিনি চেষ্টা করেছিলেন সিনেমার গানে অরিজিৎকে ফেরাতে। কিন্তু কাজ হয়নি।

আমির বলেছিলেন, “অরিজিৎ তার সিদ্ধান্তে অটল। অর্থাৎ আর কোনো সিনেমার গানে অরিজিৎকে আর পাওয়া যাবে না।”
ওই সময় আমির অরিজিতের রেকর্ডিং স্টুডিওতেও গিয়েছিলেন। আমিরের নতুন সিনেমা ‘এক দিন’ এর গানগুলো গাইছেন অরিজিৎ। ওই স্টুডিওতে সেগুলো রেকর্ড করা হয়।
কিছুদিন আগে সিনেমার গান থেকে অবসরের ঘোষণা দিয়ে সোশাল মিডিয়ায় অরিজিৎ বলেছিলেন, তার হাতে প্লেব্যাকের আরও কিছু কাজ আছে, সেগুলো তিনি শেষ করবেন। প্রতিশ্রুতি মেনে অরিজিৎ আমিরের সিনেমার গানগুলো রেকর্ড করেন।
অরিজিতের প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর আচমকা ঘোষণা আসে গত ২৭ জানুয়ারি। গায়কের ভক্ত অনুরাগী থেকে শুরু করে বলিউড এবং কলকাতার অনেক শিল্পী অরিজিতের সিদ্ধান্তে হতবিহ্ববল হয়ে পড়েন।
প্লেব্যাক ছাড়ার পর সিনেমা নির্মাণে পুরোপুরি মনোযোগী হতে চান অরিজিৎ।
গায়কের ঘনিষ্ঠজনদের বরাতে বিবিসি নিউজ হিন্দি বলছে, আগামীতে একজন চলচ্চিত্র নির্মাতা হতে চান অরিজিৎ। এবং সেটি কেবল ভাবনার মধ্যে নেই। ইতিমধ্যে একটি হিন্দি সিনেমার কাজ শুরু করেছেন।
ওই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অরিজিৎ সিং এবং তার স্ত্রী কোয়েল সিং যৌথভাবে। সিনেমায় তারা মূল চরিত্রে অভিনয়ের জন্য বেছে নিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। শান্তিনিকেতনে সিনেমার দৃশ্য ধারণের কাজ চলছে।
এমকে/টিএ