স্মৃতির সঙ্গে বিয়ে ভাঙার পরে, সুরকারের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী ডেইজি
ছবি: সংগৃহীত
১০:৩৬ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
স্মৃতি মান্ধানার সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকেই বিতর্কের কেন্দ্রে সুরকার ও পরিচালক পলাশ মুচ্ছল। বিয়ের সব প্রস্তুতি সম্পূর্ণ হলেও শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় অনুষ্ঠান। গত নভেম্বর থেকে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার ঝড় ওঠে স্মৃতি মান্ধানাকে ঘিরে। যদিও কোনও জল্পনায় সায় দেননি তিনি। শুধু জানান, বিয়ে আর হচ্ছে না। সমাজমাধ্যমে বিবৃতি দিয়েছিলেন পলাশও। তবে অভিযোগ ওঠে, স্মৃতির সঙ্গে প্রতারণা করেছেন সুরকার।
এই বিতর্কের আবহেই ভিন্ন সুর শোনা গেল অভিনেত্রী ডেইজি শাহর মুখে। তিনি স্পষ্ট জানালেন, পলাশ খুব ভাল ছেলে। বর্তমানে যে ছবির পরিচালনায় ব্যস্ত পলাশ, সেই ছবিতেই অভিনয় করছেন ডেইজি । তবে তাঁদের পরিচয় নতুন নয়। ডেইজির প্রথম ছবি জয় হোর সময় থেকেই আলাপ। সেই ছবির সঙ্গীত বিভাগে কাজ করেছিলেন পলাশ। সেখান থেকেই দুই পরিবারের মধ্যে যোগাযোগ তৈরি হয়।

ডেইজির কথায়, পলাশের জন্মদিনের পার্টি থেকে শুরু করে তাঁর বাড়ির গণপতি পুজো একাধিক পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন তিনি। দীর্ঘদিনের পরিচয় থেকেই তাঁর এই মূল্যায়ন। অভিনেত্রীর দাবি, পলাশের পরিবার অত্যন্ত ইতিবাচক মানসিকতার এবং ঈশ্বরবিশ্বাসী।
একদিকে প্রতারণার অভিযোগ, অন্যদিকে সহকর্মীর নিঃসঙ্কোচ প্রশংসা পলাশকে ঘিরে তৈরি হয়েছে দ্বিমুখী চিত্র। ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মাঝেও কাজের জগতে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। তবে ডেজির মন্তব্যে নতুন করে আলোচনার পারদ চড়েছে, তা বলাই বাহুল্য।
পিআর/টিএ