© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেষ চারে জায়গা পেতে মুখোমুখি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড

শেয়ার করুন:
শেষ চারে জায়গা পেতে মুখোমুখি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৩ এএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
‘এটা ধ্বংস নয়, আমরা যদি না জিতি তবে আমরা মরে যাব না, কিন্তু আমরা অবশ্যই এমন অবস্থানে থাকতে চাই না যেখানে আমরা বিষয়টিকে বাহ্যিক কারণগুলোর ওপর ছেড়ে দেই এবং এটি আমাদের নিজেদের হাতের বাইরে চলে যায়।’— ইংল্যান্ডের বিপক্ষে আজ (শুক্রবার) টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট ম্যাচকে এভাবেই দেখছেন নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার।

নিউজিল্যান্ডের সেমিফাইনাল ভাগ্য এখন পর্যন্ত তাদের হাতেই আছে। ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেলে তা অন্য দলগুলোর করুণা ও নেট রানরেটের ওপর নির্ভরশীল হয়ে পড়বে।

নিউজিল্যান্ডের প্রথম সুপার এইটের ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে। বৃষ্টিতে সেটি ভেসে গেলে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। পরে কিউইরা শ্রীলঙ্কাকে ৬১ রানে হারিয়ে সেমিফাইনালের সম্ভাবনা বৃদ্ধি করে। কলম্বোতে আজ ইংল্যান্ডকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত।

কিন্তু ইংল্যান্ড জিতলে! ইতোমধ্যে সেমিফাইনালে ওঠা দলটির কাছে নিউজিল্যান্ড হারলে পাকিস্তান শেষ চারে ওঠার সুযোগ পাবে। সেক্ষেত্রে শনিবার শ্রীলঙ্কাকে হারাতে হবে এবং নেট রানরেটে কিউইদের চেয়ে এগিয়ে থাকা লাগবে।

অন্যদের হাতে নিয়ন্ত্রণ ছেড়ে না দিতে জেতা চাই নিউজিল্যান্ডের। ওয়াল্টারের পরিকল্পনা, ‘এটি আসলে প্রতিটি বল ধরে ধরে সঠিক প্রক্রিয়াটি বজায় রাখার ব্যাপার। তাহলেই ফলাফল নিয়ে আর চিন্তা করতে হবে না, সেটা পক্ষেই আসবে।’

পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে ইংল্যান্ডের হ্যারি ব্রুক ৫০ বলে শতক করেন। তাও আবার তিন নম্বরে ব্যাটিং করে। চমৎকার পারফরম্যান্স করে ব্যাটিং পজিশনের কারণে আলোচনায় ইংল্যান্ড অধিনায়ক। নিউজিল্যান্ড কোচ ব্যাটিং পজিশনকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, ‘সে যে অর্ডারে আসুক না কেন, এটা সম্ভবত অপ্রাসঙ্গিক। আপনাকে অবশ্যই তার বিরুদ্ধে বল করতে হবে, সেটা প্রথম ওভার হোক বা ১৫তম ওভার। ওয়াল্টার বললেন, ‘ব্যাটিং অর্ডার নিয়ে মাঝেমধ্যে একটু বাড়িয়েই বলা হয়। তারা যে সিদ্ধান্ত নিক না কেন, আমরা তার জন্য প্রস্তুত থাকব।’
ইংল্যান্ডের জন্য এই ম্যাচ হবে সেমিফাইনালের আগে ভালো একটি দলের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও ইংল্যান্ডের বর্তমান স্পেশালিস্ট স্কিলস কনসালট্যান্ট টিম সাউদি বললেন এই কথা।



গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারা ইংল্যান্ড শুরুতে একটু নড়বড়ে ছিল। কিন্তু তারাই শ্রীলঙ্কা ও পাকিস্তানকে সুপার এইটে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ওঠে।

সাউদি বললেন, ‘আমি মনে করি যদিও আমরা নিখুঁত খেলা খেলতে পারিনি, তারপরও এক ম্যাচ হাতে রেখে এখানে বসে কথা বলতে পারাই একমাত্র ভালো ব্যাপার।’ ক্যাম্পের পরিবেশ নিয়ে তার কথা, ‘ক্যাম্পের পরিবেশ চমৎকার। এই দলে সব ছেলেরা বেশ ভালো, তাদের চেতনাও উজ্জীবিত। নিউজিল্যান্ডের ভালো একটি দলের বিপক্ষে ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করার দারুণ সুযোগ আমরা পেয়েছি।’

এই ম্যাচে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের দর্শক-সমর্থকদের বাইরেও পাকিস্তানের চোখ থাকবে। তাদের সামনে সমীকরণ সহজ: নিউজিল্যান্ডের হার, তাও বড় ব্যবধানে, তাদের জন্য সেমিফাইনালের দরজা খুলে যাবে।

টিজে/এসএন 


মন্তব্য করুন