© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্পেনের হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি

শেয়ার করুন:
স্পেনের হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৪ এএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
ছোটবেলায় নিজ দেশ ছেড়ে স্পেনে পাড়ি জমান লিওনেল মেসি ও তার পরিবার। বার্সেলোনার একাডেমী লা মাসিয়ায় বেড়ে ওঠেন তিনি। একটা সময় সুযোগ ছিল মেসির কাছে স্পেনের হয়ে খেলার। তবে তিনি জন্মভূমি আর্জেন্টিনার হয়ে খেলার ইচ্ছা পোষণ করেন।

মাত্র ১৩ বছর বয়সে মেসির উন্নত চিকিৎসা ও ভবিষ্যতের আশায় সপরিবারে স্পেন পাড়ি জমিয়েছিলেন। বার্সেলোনার যুব দলে থাকাকালীনই তার জাদুকরী ফুটবল প্রতিভা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নজর কাড়ে। মেসি জানান, সে সময় তাকে স্পেনের বয়সভিত্তিক দলে খেলার জন্য প্রলুব্ধ করা হয়েছিল। সম্প্রতি ‘মিরো দে আত্রাস’ পডকাস্টে দেয়া এক সাক্ষাৎকারে মেসি নিজেই শোনালেন নিজের দেশপ্রেমের এক আবেগঘন গল্প।

মেসি বলেন, 'আমি তখন বার্সেলোনায় খেলছিলাম, তাই তারা আমাকে স্পেন দলে খেলার ইঙ্গিত দিয়েছিল। অনেক তরুণ খেলোয়াড়ের ক্ষেত্রেই এমনটা ঘটে, তাই বিষয়টা স্বাভাবিক ছিল।'

কিন্তু মনে-প্রাণে আর্জেন্টাইন মেসি তখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। আর এই দ্বিধার কারণেই তিনি ২০০৩ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নিতে পারেননি।

২০০৩ সালের সেই বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে মেসির তৎকালীন সতীর্থ সেস ফ্যাব্রেগাস জোড়া গোল করে আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে হারিয়ে দেন।

মেসি স্মৃতিচারণ করে বলেন, 'ফ্যাব্রেগাস তখন আর্সেনালে খেলছিল এবং আমাদের বিপক্ষে জোড়া গোল করেছিল। এরপরই সবাই আমাকে সরাসরি জিজ্ঞেস করতে শুরু করে, কেন আমি স্পেনের হয়ে খেলছি না।'



স্পেনের হয়ে খেলার সুযোগ আর সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকলেও মেসির লক্ষ্য ছিল স্থির। বার্সেলোনায় প্রায় সব বয়সভিত্তিক ধাপে খেললেও তার হৃদয়ে ছিল জন্মভূমি আর্জেন্টিনা।

মেসি বলেন, 'সুযোগটা ছিল এবং সেটা হতেও পারতো। কিন্তু আমার সবসময়ের আকাঙ্ক্ষা ছিল আর্জেন্টিনার হয়ে খেলার।'

অবশেষে ২০০৪ সালে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের হয়ে অভিষেক ঘটে মেসির। এরপর ২০০৫ সালের যুব বিশ্বকাপ জয় এবং ২০০৮ সালের অলিম্পিক সোনা—সাফল্যের যাত্রা শুরু হয় ওখানেই।

টিজে/এসএন 

মন্তব্য করুন