© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পলাশের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ডেইজি

শেয়ার করুন:
পলাশের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ডেইজি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৬ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের অন্দরমহলে আবারও নতুন গুঞ্জন। সুরকার  পলাশ মুচ্ছলের ব্যক্তিজীবনের টানাপোড়েন থামতে না থামতেই তাঁর নাম জড়াল অভিনেত্রী ডেইজি শাহর সঙ্গে। তবে রটনার মাঝেই মুখ খুলে সম্পর্কের সমীকরণ পরিষ্কার করলেন নায়িকা।

কিছুদিন আগেই ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে পলাশের দাম্পত্য ভাঙার খবর প্রকাশ্যে আসে। বিয়েবিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই আর্থিক প্রতারণার অভিযোগে আইনি জটিলতায় পড়েন তিনি। ব্যক্তিগত অস্থিরতার এই সময়েই হঠাৎ করে বলিপাড়ায় শোনা যায় নতুন প্রেমের ফিসফাস। কারণ, পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন পলাশ মুচ্ছল, আর তাঁর প্রথম ছবিতেই অভিনয় করছেন ডেইজি শাহ। সেখান থেকেই জল্পনার শুরু।



সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেইসি জানালেন, তাঁদের পরিচয় বহুদিনের নয়। গায়িকা পলক মুচ্ছলের সূত্রেই পলাশের সঙ্গে আলাপ। দু-একবার দেখা হয়েছে, একসঙ্গে কয়েকটি সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন। মাঝেমধ্যে পলকের বাড়িতে যাওয়া-আসার সুবাদে পরিবারের সঙ্গেও পরিচয় হয়েছে তাঁর। ডেইজির কথায়, পলাশ অত্যন্ত ভালো মানুষ এবং তাঁর পরিবারও ভদ্র ও ঈশ্বরবিশ্বাসী। সেই ইতিবাচক পরিবেশই তাঁর ভালো লেগেছে। তবে এই বন্ধুত্বের বাইরে অন্য কোনো সম্পর্কের ইঙ্গিত দেননি অভিনেত্রী।

এদিকে পলাশ মুচ্ছলের পরিচালনায় যে নতুন ছবি তৈরি হচ্ছে, তার নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। জানা গেছে, এটি রহস্যঘরানার গল্প। মুম্বাই শহরের প্রেক্ষাপটে এক সাধারণ মানুষের জীবনের টানাপোড়েন উঠে আসবে ছবিতে। সেই চরিত্রে থাকছেন শ্রেয়স তলপড়ে। তাঁর বিপরীতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ডেইসি শাহকে। যদিও ডেইজির চরিত্রের বিশদ এখনও গোপন রেখেছেন নির্মাতারা। খুব শিগগিরই মায়ানগরীর বিভিন্ন স্থানে শুরু হবে শুটিং।

ব্যক্তিগত বিতর্ক, আইনি চাপ আর নতুন পরিচালকের দায়িত্ব সব মিলিয়ে পলাশ মুচ্ছলের জীবন এখন নাটকীয় মোড়ে দাঁড়িয়ে। তার মাঝেই ডেইজি শাহর স্পষ্ট বক্তব্যে অন্তত প্রেমের গুঞ্জনে কিছুটা ভাটা পড়েছে। এখন দেখার, বড়পর্দায় এই নতুন জুটি দর্শকের কেমন সাড়া পায়।

পিআর/টিকে


মন্তব্য করুন