এমবাপ্পেকে বর্ণবাদী গালি দিয়ে শাস্তির মুখে সমর্থক!
ছবি: সংগৃহীত
০৯:১৫ পিএম | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
বর্ণবাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে স্পেন। রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় কঠিন শাস্তির মুখে রিয়েল ওভিয়েদোর এক সমর্থক। তাকে এক বছরের কারাদণ্ড ও ২,৮৮০ ইউরো জরিমানার আবেদন জানিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউটরস অফিস।
ওভিয়েদোর ওই সমর্থকের বিরুদ্ধে অভিযোগ, গত ২৪ আগস্ট রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেন ওই সমর্থক।
ঘটনাটি ঘটে ওভিয়েদোর কার্লোস তার্তিয়েরে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে। ম্যাচের ৩৭তম মিনিটে এমবাপ্পে গোল করে উদযাপন করার সময় অভিযুক্ত সমর্থক তাকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করেন। শুধু কথাতেই থেমে থাকেননি, বানরের মতো অঙ্গভঙ্গি ও শব্দও করেন, যা স্পষ্টতই বর্ণবাদী আচরণ হিসেবে বিবেচিত।
প্রসিকিউটরস অফিস বলছে, অভিযুক্ত ব্যক্তি অ্যালকোহল সেবনের কারণে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, যা একটি ‘লঘুকারক’ হিসেবে বিবেচিত হতে পারে। তবে সেটি শাস্তি এড়ানোর কারণ হয়নি। রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি এমবাপ্পেকে নৈতিক ক্ষতির জন্য ২,০০০ ইউরোর বেশি ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করেছে।
ঘটনার ভিডিও সম্প্রচারিত হয় মুভিস্টারের জনপ্রিয় অনুষ্ঠান এল দিয়া দেসপুয়েসে। সেখানে পুরো ঘটনা ধরা পড়ায় দ্রুতই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়টি প্রকাশ করলে বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।
প্রসিকিউটরস অফিসের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি বিশ্বব্যাপী ৩০৫ মিলিয়নেরও বেশি ভিউ পায়। এর ফলে খেলোয়াড়ের মানসিক অপমান ও লাঞ্ছনার অনুভূতি বহুগুণ বেড়ে যায়, যা ক্ষতিপূরণের দাবির অন্যতম ভিত্তি।
সাম্প্রতিক বছরগুলোতে স্প্যানিশ ফুটবলে বর্ণবাদী আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। মাঠে কিংবা গ্যালারিতে, যেকোনো ধরনের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নজির বাড়ছে।
এমআই/টিকে