© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্রীলঙ্কা ক্রিকেটে দ্বিতীয় অধ্যায় শেষ হতে যাচ্ছে সনাথ জয়াসুরিয়ার

শেয়ার করুন:
শ্রীলঙ্কা ক্রিকেটে দ্বিতীয় অধ্যায় শেষ হতে যাচ্ছে সনাথ জয়াসুরিয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৮ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
শ্রীলঙ্কা ক্রিকেটে সনাথ জয়াসুরিয়ার দ্বিতীয় অধ্যায় শেষ হতে যাচ্ছে! টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দলের শেষ ম্যাচের পর প্রধান কোচের দায়িত্ব ছাড়বেন সাবেক এই ওপেনার। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত তার পূর্ণকালীন চুক্তি থাকলেও জানুয়ারিতেই তিনি জানিয়ে দিয়েছিলেন, ঘরের মাঠের বিশ্বকাপের পর আর দায়িত্বে থাকবেন না।

চলতি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি শ্রীলঙ্কা। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সে শেষ হয়ে যায় তাদের অভিযান। চোটের কারণে ছিটকে যান ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানা- যা দলকে আরও ভুগিয়েছে। বিদায়ের পর অধিনায়ক দাসুন শানাকাও হতাশার কথা জানিয়েছেন।

২০২৪ সালের জুলাইয়ে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন জয়াসুরিয়া। শুরুটা ছিল আশাব্যঞ্জক। তার অধীনে ২৭ বছর পর ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জেতে শ্রীলঙ্কা (২-০ ব্যবধান)। অল্প সময়ের মধ্যেই ইংল্যান্ডের মাটিতে দ্য ওভালে টেস্ট জয় এনে দেন, যা ছিল এক দশক পর সে দেশে তাদের প্রথম সাফল্য।

এই ধারাবাহিকতাই তাকে ২০২৪ সালের ১ অক্টোবর থেকে দুই বছরের পূর্ণকালীন চুক্তি এনে দেয়। পরবর্তীতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে একসময় তৃতীয় স্থানে উঠে আসে শ্রীলঙ্কা। সাদা বল ও লাল বল, দুই সংস্করণেই তখন পুনর্জাগরণের ইঙ্গিত মিলছিল।



২০২৬ বিশ্বকাপের আগে কোচিং স্টাফেও আনা হয় অভিজ্ঞতা সম্পন্ন কোচ। ব্যাটিং কোচ হিসেবে যুক্ত হন বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচের দায়িত্ব নেন আর. শ্রীধর। বোলিং পরামর্শক ছিলেন লাসিথ মালিঙ্গা, আর স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দেন রেনে ফারদিনান্দস।

তবুও ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সেমিফাইনালে পৌঁছাতে পারেনি দলটি। জয়াসুরিয়ার অধীনে সব সংস্করণ মিলিয়ে ৭৪ ম্যাচ খেলে শ্রীলঙ্কা। জিতেছে ৩৪টি, হারে ৩৮টিতে, দুটি ম্যাচের ফল হয়নি।

এসএস/টিএ

মন্তব্য করুন