চাঁদা না পেয়ে সাবেক এমপির বাড়িতে গুলি
ছবি: সংগৃহীত
০৮:১৮ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি, বাঁশখালী আসনের সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত এ হামলা চালায়।
এর আগে বিদেশি মোবাইল নম্বর থেকে ফোন করে মুজিবুর রহমানের কাছে কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। চাঁদা না পাওয়ায় ভয় দেখানোর উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলে মনে করছে আইন-শৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় পুলিশের সন্দেহ বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ও তার অনুসারীদের দিকে।
সাবেক এমপি মুজিবুর রহমান বলেন, জানুয়ারিতে গুলি করার পর থেকে পরিবার নিয়ে ট্রমার মধ্যে আছি। এখন ব্যবসা-বাণিজ্য গুটিয়ে ব্যাংক লোন শোধ করে দেশ ছেড়ে চলে যেতে হবে। আর কোনো উপায় তো দেখছি না। এভাবে তো জীবন চলে না। ঘরের নারী, শিশুরা বেশ ট্রমার মধ্যে আছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ বলেন, সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি মুজিবের বাড়ির পেছন থেকে সন্ত্রাসীরা গুলি করেছে। আমাদের ফোর্স ছিল বাড়ির সামনের অংশে।
গুলি করে কয়েক সেকেন্ডের মধ্যে তারা পালিয়ে যায়। আমরা তাদের শনাক্ত করা চেষ্টা করছি।
মুজিবুর রহমান স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি একাধিকবার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থাকলেও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
এর আগে গত ২ জানুয়ারি সকাল ৭টার দিকে একটি মাইক্রোবাসে করে ৭ থেকে ৮ জন ব্যক্তি মুজিবুর রহমানের বাড়িতে এসে গেট ও পেছনের অংশ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। হামলাকারীদের সবার মুখে মাস্ক ছিল।
এমআই/টিকে