পাকিস্তানের হয়ে খেলার আশায় অবসর ভাঙলেন উসমান কাদির
ছবি: সংগৃহীত
১০:৩৫ এএম | ০২ মার্চ, ২০২৬
জাতীয় দলে সুযোগ মিলছিল না। আবদুল কাদিরের ছেলে উসমান কাদির তাই ২০২৪ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গিয়েছিলেন। সেই সিদ্ধান্ত এবার পরিবর্তন করেছেন তিনি, ফের খেলতে চান পাকিস্তানের জার্সিতে।
এক্সে এক পোস্টে এই লেগ স্পিনার লেখেন, ‘অস্ট্রেলিয়ায় সফল এক অধ্যায় কাটানোর পর গভীরভাবে চিন্তা করে আমি আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে আমার অবসর প্রত্যাহারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি লেখেন, ‘অস্ট্রেলিয়ায় খেলার সময়টা ছিল আমার জন্য এক রূপান্তরমূলক অভিজ্ঞতা। ৪১টি উইকেট অর্জন করা এবং এত ইতিবাচক সাড়া পাওয়া আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমার প্রতিযোগিতামূলক ধার এখনও আগের মতোই তীক্ষ্ণ। এটি প্রমাণ করে যে বৈশ্বিক মঞ্চে আমার এখনও গুরুত্বপূর্ণ অবদান রাখার সামর্থ্য রয়েছে।... আমি কঠোর পরিশ্রমে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং সব ফরম্যাটে নির্বাচনের জন্য নিজেকে উন্মুক্ত রাখছি। নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে পাকিস্তান ক্রিকেটের সেবা করতে প্রস্তুত।’

কাদির ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন। এরপর আর জাতীয় দলে ডাক পাননি তিনি। পাকিস্তানের অন্য স্পিনাররা নিয়মিত পারফর্ম করে যাওয়ায় নিকট ভবিষ্যতে জাতীয় দলে ফেরার তেমন সম্ভাবনাও ছিল না। আর সে কারণেই কাদির মাত্র ৩১ বছর বয়সে সরে দাঁড়ান।
জাতীয় দলের জার্সিতে মাত্র একটি ওয়ানডে এবং ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উসমান কাদির। সব মিলিয়ে পাকিস্তানের জার্সিতে তার উইকেট ৩২টি। জাতীয় দলে তেমন একটা সুযোগ না পেলেও পাকিস্তানের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে বেশ কদর তার। খেলেছেন বিপিএল, বিগ ব্যাশ, সিপিএল, পিএসএল এবং গ্লোবাল টি-টোয়েন্টির মতো বেশকিছু আসরে।
এসকে/টিকে