২০ বার সেমিফাইনালে ভারত, বাংলাদেশ কতবার?
ছবি: সংগৃহীত
০৮:৩৬ পিএম | ০২ মার্চ, ২০২৬
কলকাতার ইডেন গার্ডেন্সে কাল রাতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে ভারত।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার (৫ মার্চ) ইংল্যান্ড মুখোমুখি হবে ভারত। প্রথম দল হিসেবে তারা আইসিসি আয়োজিত টুর্নামেন্টে ২০ বারের মতো সেমিফাইনালে খেলবে।
আইসিসির ইভেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বার করে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ভারতের মতো নিউজিল্যান্ডও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। আগামী বুধবার (৪ মার্চ) ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

রেকর্ড ২০ বারের মধ্যে ভারত ওয়ানডে বিশ্বকাপে ৮ বার, টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ বার এবং চ্যাম্পিয়নস ট্রফিতে ৬ বার সেমিফাইনালে উঠেছে। বাংলাদেশ মাত্র একবার আইসিসি ইভেন্টের সেমিফাইনালে উঠেছে, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে।
বাংলাদেশের মতো কেনিয়া ও আফগানিস্তান একবার করে শেষ চারে খেলেছে। টেস্ট খেলুড়ে না হয়েও একমাত্র দেশ হিসেবে আইসিসি আসরের সেমিফাইনালে খেলেছে কেনিয়া, ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে।
আর টেস্ট খেলুড়ে দেশ হয়ে কখনো আইসিসি আসরের সেমিফাইনালে উঠতে পারেনি জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড।
আইসিসির টুর্নামেন্টে কোন দল কত বার সেমিফাইনালে
ভারত ⇢ ২০ বার
অস্ট্রেলিয়া ⇢ ১৮ বার
নিউজিল্যান্ড ⇢ ১৮ বার
ইংল্যান্ড ⇢ ১৬ বার
পাকিস্তান ⇢ ১৬ বার
দক্ষিণ আফ্রিকা ⇢ ১৫ বার
ওয়েস্ট ইন্ডিজ ⇢ ১১ বার
শ্রীলঙ্কা ⇢ ১১ বার
কেনিয়া ⇢ ১ বার
বাংলাদেশ ⇢ ১ বার
আফগানিস্তান ⇢ ১ বার
আইকে/টিএ