শান্তদের হারিয়ে বিসিএল চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন
ছবি: সংগৃহীত
১০:৩২ পিএম | ০৩ মার্চ, ২০২৬
২৩৯ রানের লক্ষ্য মাত্রা আধুনিক ওয়ানডেতে ছোট পুঁজিই। তবে মিরপুরে এই রানও চ্যালেঞ্জিং হয়ে উঠে। তাই সেন্ট্রালের ব্যাটারদের জন্য কাজটা সহজ ছিল না। কিন্তু নাঈম শেখ ও সাইফ হাসান দ্বিতীয় উইকেট জুটিতে কঠিন কাজটাই সহজ করে দিয়েছেন। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৫ উইকেটের জয়ে শিরোপা জিতেছে সেন্ট্রাল।
মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করে নর্থ জোন। দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেন হৃদয়। এ ছাড়া ৩৫ রান এসেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। জবাবে ৩৮ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সেন্ট্রাল।

লক্ষ্য তাড়ায় শুরুতেই জিশান আলমকে হারায় সেন্ট্রাল। ১৪ রানের বেশি করতে পারেননি এই ওপেনার। তার বিদায়ের পর দলের হাল ধরেন সাইফ ও নাঈম। দুজনে মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ১৬৪ রান। নাঈম করেছেন ৮৭ বলে ৭৮ রান। আর সাইফের ব্যাট থেকে এসেছে ৭৮ বলে ৮৭ রান।
নাঈম-সাইফের বিদায়ের পর দ্রুত ফেরেন মাহিদুল ইসলাম অঙ্কন ও ইরফান শুক্কুর। তবে সেটা জয়ে প্রভাব ফেলেনি। চারে নেমে দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন মাহফিজুল ইসলাম রবিন।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতে দেখে শুনে খেলার চেষ্টার করেন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও তানজিদ তামিম। তবে বেশিক্ষণ টিকতে পারেননি সোহান। ৫ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ২২ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার তামিমের ব্যাট থেকে এসেছে ২২ বলে ২৩ রান।
দ্রুত ২ উইকেট হারানোর পর তিনে নেমে দলের হাল ধরেন শান্ত। হৃদয়ের সঙ্গে তার জুটিতে আসে ৫২ রান। ৫১ বলে ৩৫ করেন শান্ত। আর হৃদয়ের ব্যাট থেকে এসেছে ৯৮ বলে ৯৬ রান।
এরপর এসএম মেহেরাব হোসেন ও সাব্বির রহমান উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। ২৮ রান করেছেন মেহেরাব, সাব্বিরের ব্যাট থেকে এসেছে ৪৩ বলে ২৪ রান। শেষদিকে ১৮ বলে ১৬ রান করেছেন রিশাদ হোসেন।
ইউটি/টিএ