© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওয়াংখেড়েকে চুপ করিয়ে দেব, কামিন্সের মতোই ভারতকে হুঙ্কার!

শেয়ার করুন:
ওয়াংখেড়েকে চুপ করিয়ে দেব, কামিন্সের মতোই ভারতকে হুঙ্কার!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪২ পিএম | ০৪ মার্চ, ২০২৬
২০২৩ সালের নভেম্বর। অজি অধিনায়ক হুঙ্কার দিয়েছিলেন নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে চুপ করিয়ে দেব। আর সেটাই হয়েছিল। বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে শেষ পর্যন্ত শিরোপা জয়ের উচ্ছ্বাসে মেতেছিল অস্ট্রেলিয়া। তিন বছর পর আবারও এল সেই হুঙ্কার। ভারতকে এবার হুঙ্কার দিলেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কুরান। তিনি জানিয়ে দিলেন, ভারতকে সেমিফাইনালে হারিয়ে ওয়াংখেড়েকে চুপ করিয়ে দিতে চান। আগামীকাল বৃহস্পতিবার মুম্বাইয়ে সেমির যুদ্ধে নামছে ভারত। সুপার এইটে সাঞ্জু স্যামসনের অবিশ্বাস্য ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালের টিকিট কাটতে মাঠে নামবেন সূর্যরা। তবে প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের তুলনায় ইংল্যান্ড অনেক শক্তিশালী।


বিশ্বকাপের শুরুটা নড়বড়ে হলেও এখন ব্রুকদের টিম দারুণ ছন্দে রয়েছে। বোলারদের মধ্যে জোফ্রা আর্চারও স্বরুপে ফিরেছেন। সূর্যদের সেটা আবারও মনে করিয়ে দিলেন স্যাম কুরান। তিন বছর আগের আমেদাবাদে বিশ্বকাপ ফাইনালের পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের মত তিনিও বলে রাখলেন, বৃহস্পতিবার ওয়াংখেড়েকে চুপ করিয়ে দিতে চান। এ প্রসঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, ‘‌প্রথমেই একটা কথা বলে রাখছি যে, আমরা কাউকে ভয় পাই না। সে যে টিমই হোক না কেন। ওয়াংখেড়ে ঐতিহ্যবাহী স্টেডিয়াম। তবে আশা করছি, বৃহস্পতিবার ওয়াংখেড়েকে নিশ্চুপ রাখতে পারব। যদি সমর্থকরা চুপ হয়ে যায়, তাহলে ইংল্যান্ড আরও ভাল খেলবে।’‌



যা শুনে মনে পড়তেই পারে তিন বছর আগের সেই স্মৃতি। ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের আগে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, ‘‌ভারত বিশ্বকাপে ভাল খেলেছে। সমর্থকরা পাশে থাকবে। তাই তাদের চুপ করিয়ে দেওয়ার থেকে আনন্দের আর কিছু হতে পারে না।’‌ কামিন্সরা সেটা করেছিলেন। রোহিত-বিরাটদের হারে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ১ লক্ষ ৩০ হাজার সমর্থক চুপ হয়ে গিয়েছিল। এবার কি কুরানরাও সেই ঘটনার পুনরাবৃত্তি করতে পারবেন? নাকি অতীত শিক্ষা নিয়ে সূর্যকুমার যাদবরা ফাইনালের টিকিট কাটবেন? এই নিয়ে টানা তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে। ২০২২ সালে জিতেছিল ইংল্যান্ড এবং চ্যাম্পিয়নও হয়েছিল। তবে ২০২৪ সালে ভারত জিতেছিল, সেইসঙ্গে চ্যাম্পিয়নও হয়েছিল। এবার শেষের হাসিটা হাসবে কারা? আগামী রোববারই মিলবে তার উত্তর।

আরআই/এসএন

মন্তব্য করুন