© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রবীন্দ্রসংগীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে পরিচালকের আসনে শ্রীলেখা

শেয়ার করুন:
রবীন্দ্রসংগীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে পরিচালকের আসনে  শ্রীলেখা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫২ পিএম | ০৪ মার্চ, ২০২৬
রবীন্দ্রসংগীতকে নতুন প্রজন্মের কাছে নতুন করে পৌঁছে দিতে পরিচালকের আসনে বসেছেন শ্রীলেখা মিত্র। ছোট ছবি এবং বিজ্ঞাপনচিত্র নির্মাণের পর এ বার তিনি নির্মাণ করলেন একটি সংগীতচিত্র, যেখানে ফিরে দেখা হচ্ছে পুরনো দিনের প্রেম, আবহ আর আবেগ। আনন্দবাজার অনলাইনের সঙ্গে আলাপচারিতায় শ্রীলেখার স্পষ্ট বক্তব্য, তিনি ধাপে ধাপে শিখছেন, পরিচালনার নানা দিক আয়ত্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই সংগীতচিত্রের জন্য তিনি বেছে নিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ধীরলয়ের গান ‘আহা তোমার সঙ্গে প্রাণের সঙ্গে খেলা’। কণ্ঠ দিয়েছেন বিপাশা সেন রায়। অভিনয়ে রয়েছেন সোমু সরকার, সুদীপ মুখোপাধ্যায় এবং শ্রীলেখা নিজে। পরিচালকের কথায়, বিপাশা সাধারণত হিন্দি ছবির গান গেয়ে অভ্যস্ত, তাই এই গানটি তাঁর কাছে যেমন চ্যালেঞ্জ, তেমনই পরিচালকের কাছেও। শ্রীলেখার বিশ্বাস, হিংসায় অস্থির পৃথিবীতে প্রেমের ভাষা যেন ক্রমেই হারিয়ে যাচ্ছে। সেই শূন্যতা পূরণ করতেই তাঁর এই প্রয়াস। বহু দিন প্রেমের কথা বলা হয় না, তাই তাঁর সংগীতচিত্রে পুরনো প্রেমের গন্ধ ছড়িয়ে দিতে চেয়েছেন তিনি।



নতুন প্রজন্মের ফিউশন প্রবণতা নিয়েও সরব শ্রীলেখা। তাঁর বক্তব্য, এখন অনেকেই রবীন্দ্রসংগীতের সঙ্গে ভিন্নধর্মী সুর মিশিয়ে দেন, এমনকি ‘পাগলা হাওয়া’র সঙ্গে ‘উ লা লা’ জুড়ে দেওয়ার প্রবণতাও দেখা যায়। কিন্তু তাঁর পরিচালনায় সে পথে হাঁটেননি তিনি। বরং রবীন্দ্রসংগীতকে তার নিজস্ব সৌন্দর্যেই উপস্থাপন করেছেন। তাই সংগীতচিত্রে রয়েছে পুরনো বাড়ি, চিকঢাকা বারান্দা, লাল মেঝের আবহ। আসন্ন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই কাজ তিনি সমস্ত নারীদের উদ্দেশে নিবেদন করতে চান।

ছবি পরিচালনা আর সংগীতচিত্র নির্মাণ এক নয় বলেই মনে করেন শ্রীলেখা। তাঁর দাবি, সংগীতচিত্র নির্মাণ আরও কঠিন। সেই কারণেই পরিচালনার পাশাপাশি অভিনয়ে বেশি মন দেননি তিনি, যাতে কোনও কিছু গুলিয়ে না যায়। এই কাজের প্রযোজনা নকশা থেকে শিল্পীদের পোশাক নির্বাচন, সবটাই নিজে সামলেছেন। সোমু ও সুদীপকে হলুদ ও কমলা রঙে, নিজেকে সাদায় এবং বিপাশাকে জমকালো সাজে সাজিয়েছেন। নিজের কাজের খুঁটিনাটি পরখ করে আগামী দিনে আরও নিখুঁত হওয়ার লক্ষ্যেই এগোচ্ছেন তিনি।

পিআর/টিএ

মন্তব্য করুন