© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রতিপক্ষ গোলরক্ষকের এক ভুলেই আর্সেনালের জয়

শেয়ার করুন:
প্রতিপক্ষ গোলরক্ষকের এক ভুলেই আর্সেনালের জয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪১ এএম | ০৫ মার্চ, ২০২৬
পারফরম্যান্স আশানুরূপ হলো না আর্সেনালের। তবে প্রতিপক্ষ গোলরক্ষকের মারাত্মক একটি ভুলে এগিয়ে গেল তারা। শেষ পর্যন্ত ওই ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ল মিকেল আর্তেতার দল।

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মাঠে বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে আর্সেনাল। একমাত্র গোলটি করেন বুকায়ো সাকা।

লিগে টানা তৃতীয় জয় পেল আর্সেনাল।

একই সময়ে শুরু আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই মাঠে ২-২ গোলে রুখে দিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। ফলে শীর্ষ দুই স্থানের মধ্যে ব্যবধান বেড়েছে।

৩০ ম্যাচে ২০ জয় ও সাত ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। তাদের চেয়ে ৭ পয়েন্ট কম নিয়ে দুইয়ে সিটি, পেপ গুয়ার্দিওলার দল অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।

ম্যাচের শুরুতেই তালগোল পাকান আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া, প্রতিপক্ষের পায়ে তুলে দেন বল। তিনি এগিয়েও ছিলেন বেশ খানিকটা। তার ওপর দিয়ে হাওয়ায় ভাসিয়ে শট নেন কার্লোস বালেবা, শেষ মুহূর্তে কোনোমতে আটকান গাব্রিয়েল মাগালিয়াইস।



সাত মিনিট পর মাঠের অন্য পাশের গোলরক্ষকের হাস্যকর ভুলে এগিয়ে যায় আর্সেনাল। ডান দিকে একজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকেই শট নেন সাকা, বল বার্ট ফেরব্রুগেনের সোজাসুজিই ছিল; কিন্তু তিনি গ্লাভসে না নিয়ে পা দিয়ে আটকানোর চেষ্টা করেন এবং বল তার পায়ে লেগে চলে যায় জালে।

এরপর আর্সেনালের যেন ছন্দ কেটে যায়। প্রথমার্ধে ও্ই একটি বাদে গোলের জন্য আর কোনো শটই নিতে পারেনি তারা। এই সময়ে তাদের ওপর বরং কিছুটা চাপ বাড়ায় ব্রাইটন; কয়েকটি শটও নেয় তারা, যদিও আর কোনোটিই লক্ষ্যে ছিল না।

বিরতির পরও বেশিরভাগ সময় বল দখলে রাখে ব্রাইটন। ৫৮তম মিনিটে দারুণ একটি সুযোগও তৈরি করে তারা; তবে জর্জিনিয়োর শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন রায়া।

পুরো ম্যাচে আর একটি মাত্র শট লক্ষ্যে রাখতে পারে, তা যদিও ব্যবধান বাড়াতে যথেষ্ট ছিল না। তবে ভোগান্তির লড়াইয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হওয়াতেই নিশ্চয় খুশি শিরোপাপ্রত্যাশীরা।

২৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে ব্রাইটন।

টিজে/এসএন 

মন্তব্য করুন