© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হোটেলে নারী কর্মীর সঙ্গে অসদাচরণের অভিযোগ পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে

শেয়ার করুন:
হোটেলে নারী কর্মীর সঙ্গে অসদাচরণের অভিযোগ পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৮ পিএম | ০৫ মার্চ, ২০২৬
শ্রীলঙ্কার ক্যান্ডিতে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে পাকিস্তান দলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে হোটেলের এক নারী কর্মীর সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। ঘটনাটির জন্য নাকি নাম না জানা ওই ক্রিকেটারকে জরিমানাও করা হয়েছে। টেলিকম এশিয়া স্পোর্টের বরাতে বৃহস্পতিবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানায় এনডিটিভিসহ একাধিক গণমাধ্যম। 

দলীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান বিশ্বকাপ স্কোয়াডের এক খেলোয়াড় হোটেলের নারী হাউসকিপিং কর্মীর সঙ্গে অসদাচরণ করেন। ওই কর্মী চিৎকার করে সাহায্য চাইলে হোটেলের অন্যান্য কর্মীরা এসে তাকে উদ্ধার করেন এবং বিষয়টি পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমার কাছে জানান।



প্রতিবেদনে আরও বলা হয়, ক্যান্ডির গোল্ডেন ক্রাউন হোটেল কর্তৃপক্ষ ঘটনাটির কঠোর ব্যবস্থা নিতে চেয়েছিল। তবে দলীয় ম্যানেজার খেলোয়াড়টির হয়ে ক্ষমা প্রার্থনা করেন এবং অসদাচরণের জন্য তাকে জরিমানা করেন।

ঘটনাটি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভেতরে এবং দলীয় মহলে নীরবে আলোচনা চলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট খেলোয়াড়কে পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের শৃঙ্খলা কমিটির সামনেও হাজির হতে হতে পারে এবং তার বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে।

প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, বিদেশ সফরে পাকিস্তান দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের বিরুদ্ধে অতীতেও অসদাচরণের অভিযোগ উঠেছে। গত বছর ইংল্যান্ড সফরে পাকিস্তান শাহিনস দলের হয়ে খেলতে গিয়ে তরুণ ব্যাটার হায়দার আলিকে ধর্ষণের অভিযোগে ম্যানচেস্টার পুলিশ গ্রেপ্তার করেছিল। পরে প্রমাণের অভাবে তাকে মুক্তি দেয়া হয়।

এমআই/এসএন  

মন্তব্য করুন