© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেন আজও কন্যাকে নিয়ে আতঙ্কে ‘দেশি গার্ল’?

শেয়ার করুন:
কেন আজও কন্যাকে নিয়ে আতঙ্কে ‘দেশি গার্ল’?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৫ পিএম | ০৫ মার্চ, ২০২৬
মাতৃত্বের পথটা সহজ ছিল না প্রিয়াঙ্কা চোপড়ার জন্য। আলো ঝলমলে জীবনের আড়ালে লুকিয়ে ছিল গভীর দুশ্চিন্তা, অনিশ্চয়তা আর দীর্ঘ অপেক্ষা। বহু জটিলতার কারণে স্বাভাবিকভাবে সন্তানধারণ সম্ভব হয়নি তার। শেষ পর্যন্ত সারোগেসির পথেই মা হন তিনি। কিন্তু কন্যার জন্মের পরও যেন পুরোপুরি কাটেনি সেই আতঙ্ক।

কিছু দিন আগে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা ও তার স্বামী নিক জোনাস জানান, তাদের কন্যা মালতী মেরির জন্মের সময় তৈরি হয়েছিল একের পর এক জটিলতা। এমনকি প্রাণ সংশয়ের আশঙ্কাও ছিল। জন্মের পর দীর্ঘ সময় নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকতে হয়েছিল শিশুটিকে। সেই সময়টুকু ছিল তাদের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। এক বেলা প্রিয়াঙ্কা, আরেক বেলা নিক হাসপাতালের পাশে থেকেছেন। সন্তানের ছোট্ট শ্বাসপ্রশ্বাসও যেন তখন ছিল এক একটি যুদ্ধজয়ের সমান।



এই কারণেই মালতীকে ‘অলৌকিক সন্তান’ বলে ডাকেন প্রিয়াঙ্কা। সম্প্রতি আরেক সাক্ষাৎকারে তিনি জানান, বহু প্রতীক্ষিত এই সন্তান তার জীবনের সমস্ত চাওয়া-পাওয়ার কেন্দ্রে। সন্তানধারণের সময় যে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন, তা তাকে ভেঙে দিয়েছিল। তবে কন্যার জন্মের পর যেন থমকে গেছে জীবনের সব জটিলতা।

তবু ভয় কাটেনি পুরোপুরি। প্রিয়াঙ্কার কথায়, আজও এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে পারেন না মেয়েকে। মালতী স্কুলে থাকলে, কিংবা তিনি কাজের সূত্রে অন্য দেশে গেলে অস্থির হয়ে ওঠেন। মনে হয় বুকের ভেতর থেকে হৃদয়টা কেউ ছিনিয়ে নিচ্ছে। মাতৃত্ব তার কাছে এখন শুধুই দায়িত্ব নয়, এক গভীর অনুভবের নাম।

পুরনো এক সাক্ষাৎকারে সারোগেসির সিদ্ধান্ত নিয়েও মুখ খুলেছিলেন তিনি। স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, শারীরিক জটিলতার কারণেই এই পথ বেছে নিতে হয়েছে। আর সেই সুযোগ পাওয়ার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছিলেন অভিনেত্রী।

ঝলমলে তারকা জীবনের আড়ালে তাই আজ এক মায়ের নিরন্তর আতঙ্ক, কৃতজ্ঞতা আর ভালোবাসার গল্প। যেখানে সাফল্য নয়, কেন্দ্রবিন্দুতে রয়েছে এক ছোট্ট কন্যা, যে তার জীবনের শুরু এবং শেষ দু’টোরই আরেক নাম।

পিআর/টিএ

মন্তব্য করুন