নারী এশিয়ান কাপ / ইরানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, কেঁদে কেঁদে বললেন ‘সুখবরের অপেক্ষা করছি’
ছবি: সংগৃহীত
০৪:০৮ পিএম | ০৫ মার্চ, ২০২৬
একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে ইরানের, অন্যদিকে তাদের নারী দল অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপে লড়ছে। তবে ঠিকই পেছনে রেখে আসা পরিবারের জন্য মন কাঁদছে ফুটবলারদের। সেই প্রসঙ্গ তোলা হয়েছিল ইরানের সংবাদ সম্মেলনে। যার জবাব দিতে গিয়ে অশ্রু সামলাতে পারেননি ইরানি ফুটবলার সারা দিদার। একইসঙ্গে তিনি দেশ থেকে ভালো খবরের আশায় থাকার কথাও জানিয়েছেন।
এএফসি এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছে ইরানের মেয়েরা। আজ (বৃহস্পতিবার) তারা দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে যুদ্ধের প্রসঙ্গ উঠে ইরান ফরোয়ার্ড ও কোচের সামনে। এই সময় আবেগাপ্লুত হয়ে সারা দিদার বলেন, ‘অবশ্যই আমরা সবাই উদ্বিগ্ন ও ব্যথিত এই ভেবে যে, ইরান এবং সেখানে থাকা আমাদের পরিবারের সঙ্গে কী ঘটছে।’
ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এক হাজারের বেশি মানুষের প্রাণহানি ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে কেবল ভালো খবরের আশা–ই করেন সারা দিদার, ‘আমি সত্যিই আশা করি সামনের দিনগুলোয় দেশ থেকে ভালো খবর পাব। একইসঙ্গে আমার দেশ শক্তিশালী হয়েই টিকে থাকবে বলে প্রত্যাশা।’ এর আগে শনিবার ইরানে হামলা শুরুর আগেই নিরাপদে অস্ট্রেলিয়ায় পা রেখেছিল ইরান ফুটবল দল। এরপর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়ে প্রশ্ন করা হলেও ইরানি কোচ ও অধিনায়ক সেটি এড়িয়ে যান।
এই মুহূর্তে ইরানের কারও সঙ্গেই যোগাযোগ হচ্ছে না বলে জানিয়েছেন কোচ মারজিয়েহ জাফরি, ‘পরিবার ও ভালোবাসার মানুষদের শারীরিক অবস্থা জানার জন্য আমরা অবশ্যই উদ্বিগ্ন এবং দেশে থাকা সকল ইরানিয়ানের সঙ্গে আমরা পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছি। তবে এখানে আমরা পেশাদার ফুটবল খেলতে এসেছি, আসন্ন ম্যাচ ও ফুটবলে কীভাবে মনোযোগী থাকা যায় সর্বোচ্চ চেষ্টা করব।’
নিজেদের আগের ম্যাচে গ্যালারিতে বেশ সমর্থন পেয়েছে ইরান। যেখানে তাদের লাল-সবুজ ও সাদা রঙের পাশাপাশি প্রাক-ইসলামী অভ্যুত্থানের পতাকা প্রদর্শন এবং কণ্ঠে ইরানের সমর্থনে স্লোগান শোনা যায়। ইরানিয়ান-অস্ট্রেলিয়ানের এই সমর্থনের প্রশংসা করেছেন সারা দিদার, ‘এখানে অনেক ইরানিয়ান আমাদের সমর্থন দিচ্ছেন দেখে খুব ভালো লেগেছে। এটি সত্যিই আমাদের উৎসাহিত করেছে এবং তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। পরবর্তী ম্যাচেও গ্যালারিভর্তি স্টেডিয়ামে এমন পরিস্থিতির প্রত্যাশা করব।’
টিকে/