© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টি-টোয়েন্টি বিশ্বকাপ / ফাইনালের পরিকল্পনা জানালেন নিউজিল্যান্ডের অধিনায়ক

শেয়ার করুন:
ফাইনালের পরিকল্পনা জানালেন নিউজিল্যান্ডের অধিনায়ক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৮ পিএম | ০৫ মার্চ, ২০২৬
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে বুধবার (৪ মার্চ) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে অধরা শিরোপার আশা জিইয়ে রেখেছে ব্ল্যাকক্যাপসরা। ওপেনার ফিন অ্যালেনের রেকর্ড সেঞ্চুরিতে প্রোটিয়াদের দেয়া ১৭০ রানের লক্ষ্য ৪৩ বল হাতে রেখেই পেরিয়েছে নিউজিল্যান্ড।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল নিউজিল্যান্ড। ২০২১ সালের ফাইনালে উঠলেও তাদের শিরোপা জেতা হয়নি। এবার ভারত ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে তারা। কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার জানালেন, আগামী রোববার আহমেদাবাদে ফাইনালেও নিখুঁত ক্রিকেট উপহার দিতে চান তারা।

দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্যান্টনার বলেছেন, 'খুব ভালো হবে যদি ফাইনালেও এরকম নিখুঁত ম্যাচ খেলতে পারি। তবে এটা আলাদা মাঠ ছিল। বিশ্বকাপে আগে এখানে খেলিনি। তা ছাড়া লাল মাটির পিচ না কালো মাটির পিচ, এ রকম অনেক কিছুর ওপর দলগঠন নির্ভর করে। মাঠের আকারও বিভিন্ন ধরনের হয়। আপাতত জয়ে খুব খুশি। আরও দু’দিন আছে হাতে। দেখা যাক কী হয়। আগে বলেছিলাম, নিখুঁত ক্রিকেট খেলতে পারিনি। আজ (গতকাল) সব দিক থেকেই দিনটা ভালো গিয়েছে আমাদের কাছে।'

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে এক সময় ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে মার্কো জানসেনের ৩০ বলে অপরাজিত ৫৫ ও ত্রিস্টান স্টাবসের ২৪ বলে ২৯ রানে চড়ে প্রোটিয়ারা পৌঁছে গিয়েছিল ১৬৯ রানে। তবে ফিন অ্যালেনের ৩৩ বলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি ও টিম সেইফার্টের ৩৩ বলে ৫৮ রানে অনায়াসে জয় তুলে নেয় কিউইরা।

স্যান্টনারেরও কখনোই মনে হয়নি রান তাড়া করতে পারবেন না। তিনি বলছিলেন, 'মিথ্যা বলব না, মাত্র ১৭০ রান উঠেছে দেখে খুশিই হয়েছিল। যদিও পাওয়ার প্লে-তে পিচ কেমন থাকবে সেটা নিয়ে চিন্তা ছিলই। তবে যেভাবে দুই ওপেনার ক্রিজে নেমে দাপট দেখিয়েছে, তা অসাধারণ লেগেছে। পাওয়ার প্লে-তে ওপেনিং জুটি এরকম খেললে ম্যাচে আপনি বাড়তি সুবিধা পাবেনই।'



এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল নিউজিল্যান্ড। সেমিফাইনালে তার প্রতিশোধ নিতে পেরে খুশি স্যান্টনার, 'হারের মতো জিতলেও অনেক কিছু থেকে শিক্ষা নেয়ার থাকে। আহমেদাবাদের ওই ম্যাচে আজকের মতো ভালো খেলেছিলাম কি না জানি না। তবে দক্ষিণ আফ্রিকা অসাধারণ খেলেছিল। আজ (গতকাল) চেয়েছিলাম ওদের যতটা সম্ভব চাপে রাখতে। শুরুতে স্পিনারদের এগিয়ে দিয়েছিলাম, যেটা আহমেদাবাদে করিনি।'

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা, যদিও ভারতের কাছে হারে তাদের শিরোপা জেতা হয়নি। এবার সেমিফাইনালে থেমে গিয়েছে শিরোপার দৌড়।

প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম জানালেন, প্রথমে ব্যাট করার সময় পিচ কঠিন ছিল বলেই প্রত্যাশিত রান তুলতে পারেননি তারা। কৃতিত্ব দিয়েছেন শতরানকারী ফিন অ্যালেনকেও।

মার্করাম বলেছেন, 'প্রথম দিকে ব্যাট করা সহজ ছিল না। ওরা দারুণ বল করেছে। বল সহজে ব্যাটে আসছিল না। হঠাৎ হঠাৎ থমকে যাচ্ছিল। কিছু কিছু বল নিচু হয়ে যাচ্ছিল। তাই রান তোলা খুব কঠিন হয়ে গিয়েছিল। তা ছাড়া ব্যাট হাতে বিপক্ষের কেউ (অ্যালেন) যদি ও রকম ইনিংস খেলে দেয় তাহলে জেতা খুবই কঠিন।'

এসকে/টিকে

মন্তব্য করুন