দেশবাসীকে সামরিক সালাম জানাল ইরানের ফুটবলাররা
ছবি: সংগৃহীত
০৮:২৬ পিএম | ০৫ মার্চ, ২০২৬
এএফসি এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে নিজ দেশের জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে নিরবতা পালন করেছিলেন ইরানের মেয়েরা। তবে আজ ব্যতিক্রম ছিলেন সারা দিদার ও মোতেভাল্লিরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে নিজ দেশের জাতীয় সঙ্গীতের সময় গান ও সামরিক ভঙ্গিতে সালাম জানিয়ে ম্যাচ শুরু করেন তারা।
অস্ট্রেলিয়ায় অবস্থানকারী ইরান ইন্টারন্যাশনাল টিভির সাংবাদিক আলিরেজা মোহেবি জানিয়েছেন, খেলোয়াড়রা ম্যানেজমেন্টে নির্দেশনা মোতাবেক গান গাইতে বাধ্য ছিলেন।
তিনি বলেন, “ইসলামী প্রজাতন্ত্রের সরকার এবং নিরাপত্তা দল খেলোয়াড়দের গান গাইতে এবং সামরিক সালাম দিতে বাধ্য করেছে।”
ইরানের প্রধান কোচ মারজিয়ে জাফারি বলেন, “কেউ চাইছে না এমন কিছু ঘটুক, কেউ যুদ্ধ চায় না। তবে আমরা এখানে ফুটবল খেলতে এসেছি।”

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে হারে ইরান। এর আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে হারে তারা। রবিবার ফিলিপাইনের বিপক্ষে যে কোনো মূল্যে জয় পেতে হবে ইরানের।
একদিকে দেশে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। অন্যদিকে অস্ট্রেলিয়াতে এএফসি এশিয়ান কাপে লড়ছে ইরান। ইসরায়েলের বিপক্ষে চলমান এই যুদ্ধে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুবরণ করেছেন। নিহত হয়েছেন শীর্ষস্থানীয় একাধিক নেতা। তাদের মৃত্যু পরবর্তীতে সংঘাত আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক হিউমান রাইটস এক্টিভিটস নিউজ এজেন্সির হিসাব অনুযায়ী, তেল আবিব ও ওয়াশিংটনের হামলায় এখন পর্যন্ত ইরানের ১১শ নাগরিক নিহত হয়েছেন।
এসএস/টিকে