কনসার্টে শিল্পীদের কোন বদভ্যাস নিয়ে রেগে গেলেন শ্রেয়া ঘোষাল?
ছবি: সংগৃহীত
১০:০০ পিএম | ০৫ মার্চ, ২০২৬
মঞ্চে হাজারো আলোর ঝলকানি, দর্শকের উচ্ছ্বাস আর প্রিয় কণ্ঠের প্রতীক্ষা লাইভ কনসার্ট মানেই এক অনন্য অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাকেই প্রশ্নের মুখে দাঁড় করালেন শ্রেয়া ঘোষাল। সম্প্রতি সিনেমার চটুল গানের ব্যাপারে কড়া অবস্থান নেওয়ার পর এবার লাইভ মঞ্চে শিল্পীদের এক বিশেষ বদভ্যাস নিয়ে সরব হলেন তিনি।
নিজের বক্তব্যে শ্রেয়া স্পষ্ট জানালেন, কনসার্টে লাইভ গাওয়ার পরিবর্তে ঠোঁট মেলানোর প্রবণতা তাঁর কাছে অত্যন্ত অপমানজনক। দর্শক যখন টিকিট কেটে প্রিয় শিল্পীর সরাসরি পরিবেশনা শুনতে আসেন, তখন রেকর্ড করা গানের সঙ্গে ঠোঁট মেলানোকে তিনি ‘অলসতা’র পরিচয় বলেই মনে করেন। তাঁর কথায়, একজন শিল্পীর দায়বদ্ধতা ও নীতি থাকে। সেই জায়গা থেকে এই শর্টকাট সংস্কৃতি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় লাইভ শো ঘিরে বিশৃঙ্খলার খবর সামনে এসেছে। কোথাও শিল্পীদের মঞ্চ ছাড়তে হয়েছে, কোথাও ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে আয়োজকদের। এমন প্রেক্ষাপটে শ্রেয়া কিন্তু হেনস্তার প্রসঙ্গ নয়, বরং শিল্পীদের আত্মসমালোচনার দিকেই আঙুল তুলেছেন। তাঁর মতে, কোনও কনসার্টে যদি লাইভ পরিবেশনা ব্যর্থ হয়, তাহলে সেই অস্বস্তি শিল্পীর অনুভব করা উচিত। কঠোর অনুশীলনই হতে পারে তার একমাত্র সমাধান।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা আরও বলেন, শ্রোতাদের ভালোবাসায় শিল্পীরা যে সম্মান ও মর্যাদা পান, তাকে অবহেলা করা যায় না। নিজের কোনও গানের ক্ষেত্রেও যদি এমনটা ঘটে, তিনি নিজেও তা শুনতে পারবেন না বলে জানান।
শিল্পী ও দর্শকের সম্পর্কের ভিত্তি বিশ্বাসের ওপর দাঁড়িয়ে। সেই বিশ্বাস অটুট রাখতে মঞ্চে সততা জরুরি এমনই বার্তা দিলেন শ্রেয়া ঘোষাল। তাঁর এই মন্তব্যে ইতিমধ্যেই বিনোদনজগতের একাংশ সায় দিয়েছেন। লাইভ কনসার্টে প্রকৃত লাইভ পরিবেশনার দাবি যেন নতুন করে আলোচনায় উঠে এল।
পিআর/টিকে