মারধর ও ঘুষের মামলায় ম্যাগুয়ারের ১৫ মাসের কারাদণ্ড
ছবি: সংগৃহীত
১০:৩৯ পিএম | ০৫ মার্চ, ২০২৬
২০২০ সালের আগস্টে গ্রিসের মাইকোনোস দ্বীপে ঘটে যাওয়া এক ঘটনার জেরে ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ড জাতীয় দলের ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারকে ১৫ মাসের স্থগিত কারাদণ্ড দিয়েছেন আদালত।
এর আগে ম্যাগুয়ারকে ২১ মাস ১০ দিনের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই সময় বারবার শারীরিক হামলা, ঘুষ দেওয়ার চেষ্টা, সরকারি কর্মকর্তাদের ওপর সহিংসতা এবং অপমানের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় তাকে।
রায় ঘোষণার পরদিনই ম্যাগুয়ারের আইনজীবী দল ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন। গ্রিসের আইন অনুযায়ী, আপিল করার ফলে আগের দণ্ড বাতিল হয়ে যায় এবং মামলাটিতে পূর্ণাঙ্গভাবে নতুন করে বিচারের পথ তৈরি হয়।
২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে চারবার এই পুনর্বিচার স্থগিত করা হয়। শেষ পর্যন্ত গতকাল বুধবার (৪ মার্চ) সিরোস দ্বীপে আবার বিচার প্রক্রিয়া শুরু হয়। এবার স্থানীয় আদালত সিদ্ধান্তে এসেছেন যে, হ্যারি ম্যাগুয়ার মৃদু হামলা, গ্রেপ্তার প্রতিরোধ এবং ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে দোষী।

তবে অপরাধের মাত্রা তুলনামূলক কম হওয়ায় তার সাজা কমিয়ে ১৫ মাস করা হয়েছে। স্কাই স্পোর্টস জানিয়েছে, বুধবার কোর্টে তিনজন পুলিশ সাক্ষীর মধ্যে শুধু একজনই উপস্থিত ছিলেন। গ্রিসের আইনজীবীদের মতে, বাকি দুই পুলিশ কর্মকর্তা উপস্থিত থাকার প্রয়োজন ছিল না। কারণ, তারা এরই মধ্যে লিখিত বিবৃতি দিয়েছেন।
বিবিসি স্পোর্ট জানিয়েছে, ম্যাগুয়ার সব অভিযোগ অস্বীকার করছেন এবং এই রায়ের বিরুদ্ধে তিনি গ্রিসের সর্বোচ্চ আদালতে আপিল করার পরিকল্পনা করছেন।
৩২ বছর বয়সী ম্যাগুয়ার গতকাল রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে শুরু থেকেই মাঠে ছিলেন। তবে এই ম্যাচে হার নিয়ে মাঠ ছেড়েছে ইউনাইটেড।
এসএস/টিকে