গেইলের অপ্রত্যাশিত রেকর্ডের পাশে সেঞ্চুরিয়ান বেথেল
ছবি: সংগৃহীত
০১:০৯ পিএম | ০৬ মার্চ, ২০২৬
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি করেও দলকে জয়ের দেখা দিতে পারেননি ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার জ্যাকব বেথেল। বরং এই শতকের সুবাদে তিনি নাম লিখিয়েছেন এক অপ্রত্যাশিত রেকর্ডে—যেখানে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলও।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে অনুষ্ঠিত সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪৮ বলে ১০৫ রানের ঝড়ো ইনিংস খেলেন বেথেল। ইংল্যান্ড যখন ২৫৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করছিল, তখন প্রায় একাই লড়াই চালিয়ে যান তিনি।
মাত্র ১৯ বলে অর্ধশতক পূর্ণ করার পর আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রাখেন এই বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত মাত্র ৪৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম দ্রুততম শতক।
তবে বেথেলের এই অসাধারণ ইনিংসও ইংল্যান্ডকে জয়ের কাছে নিতে পারেনি। শেষ পর্যন্ত ভারতের নিয়ন্ত্রিত বোলিং, বিশেষ করে ডেথ ওভারে বমরাহর দুর্দান্ত বোলিংয়ের সামনে থেমে যায় ইংল্যান্ডের লড়াই।
এই সেঞ্চুরির ফলে একটি বিরল তালিকায় জায়গা করে নেন বেথেল। টি-েটোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে হারের ম্যাচে সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় তিনি তৃতীয়। এর আগে ক্রেস গেইল ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৭ রান করেও দলকে জেতাতে পারেননি। চলতি টুর্নামেন্টে একই পরিণতি হয়েছিল যুবরাজ সামরার ক্ষেত্রেও।
ফলে সেঞ্চুরি করেও জয়ের হাসি না পাওয়ার সেই অপ্রত্যাশিত রেকর্ডে গেইলের পাশেই জায়গা করে নিলেন বেথেল।
এসএন