আমিরের পর জিয়াগঞ্জে সালমানের প্রেমিকা ইউলিয়া!
ছবি: সংগৃহীত
০১:১০ পিএম | ০৬ মার্চ, ২০২৬
জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের গ্রামবাংলার জীবনযাপন ও সরলতায় মুগ্ধতা প্রকাশ করেছেন মডেল ও গায়িকা ইউলিয়া ভান্তুর। সম্প্রতি তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের পৈতৃক বাড়িতে গিয়ে সময় কাটিয়েছেন। সেখানে ঘুরে এসে এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।
এর আগে ফেব্রুয়ারির শুরুতে অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করতে মুম্বাই থেকে মুর্শিদাবাদে গিয়েছিলেন বলিউড অভিনেতা আমির খান। জানা যায়, তিনি ছেলে জুনেইদ খানের নতুন সিনেমার একটি গানের বিষয়ে আলোচনা করতে কয়েক দিন সেখানে অবস্থান করেছিলেন। সেই ঘটনার পরই এবার আলোচনায় আসে ইউলিয়া ভান্তুরের জিয়াগঞ্জ সফরের খবর।
ইউলিয়া ভান্তুর মূলত মডেল ও গায়িকা হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরেই বলিউড তারকা সলমন খানের ঘনিষ্ঠ হিসেবে তাকে নিয়ে নানা আলোচনা রয়েছে। বলিউডের বিভিন্ন পার্টি ও প্রিমিয়ারে প্রায়ই সলমন খানের পাশে দেখা যায় তাকে। তাই আচমকা অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে তার উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়।

চলতি বছরের জানুয়ারিতে অরিজিৎ সিং ও ইউলিয়া ভান্তুরের গাওয়া ‘তেরে সঙ্গ’ গানটি প্রকাশিত হয়। সেই গানের মাধ্যমেই প্রথমবার একসঙ্গে কাজ করেন তারা। ইউলিয়া জানান, এই গানেই কাজ করতে গিয়ে কাছ থেকে অরিজিৎ সিংকে জানার সুযোগ হয়েছে তার। সেই কারণেই তিনি গায়কের জিয়াগঞ্জের বাড়িতে যাওয়ার সুযোগ পান।
সাক্ষাৎকারে ইউলিয়া বলেন, অরিজিৎ সিংয়ের গ্রাম এবং আশপাশের পরিবেশ তাকে মুগ্ধ করেছে। গ্রামের পথঘাট, ছোট ছোট দোকান, মানুষের স্বাভাবিক জীবনযাপন—সবকিছুই তার কাছে খুব ভালো লেগেছে। তিনি বলেন, অরিজিৎ নিজের চারপাশে খুব শান্ত ও নিরাপদ এক পরিবেশ তৈরি করেছেন, যেন সেটি তার নিজস্ব এক পৃথিবী।
ইউলিয়ার ভাষ্য, অরিজিৎ সিং অত্যন্ত আন্তরিক একজন মানুষ। গান ও নিজের কাছের মানুষদের নিয়েই তিনি ব্যস্ত থাকেন। একই সঙ্গে মানুষের পাশে দাঁড়াতেও সবসময় প্রস্তুত থাকেন এই জনপ্রিয় সংগীতশিল্পী।
এমকে/এসএন