© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হামজাকে নিয়ে সুখবর দিলেন জামাল ভূঁইয়া!

শেয়ার করুন:
হামজাকে নিয়ে সুখবর দিলেন জামাল ভূঁইয়া!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৫ পিএম | ০৬ মার্চ, ২০২৬
২০২৫ সালের মার্চে ভারতের বিপক্ষে অভিষেকের পর থেকে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন হামজা চৌধুরী। হয়ে উঠেছেন বাংলাদেশ ফুটবলের প্রাণভোমরা। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর চোট দুশ্চিন্তা বাড়িয়েছে কোটি কোটি ফুটবলপ্রেমীর। তবে বাংলাদেশের অভিজ্ঞ এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে সুখবর দিয়েছেন জামাল ভূঁইয়া।

এ বছরের জানুয়ারির শেষে চ্যাম্পিয়নশিপে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে চোটে পড়েছিলেন হামজা। ম্যাচ শেষে ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়তেও দেখা গিয়েছিল তখন। কবে নাগাদ সেই চোট থেকে সেরে উঠবেন, সেটা এখনো জানা যায়নি। তবে হামজার চোট খুব একটা গুরুতর নয় বলে জানিয়েছেন এখন কী অবস্থা, গতকাল দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জামাল বলেন, ‘হামজা আমাকে বলেছে যে সে আসবে। ওর চোটও খুব বেশি গুরুতর নয়। আমরা তাকে দলে পাব আশা করি।’

হামজা চোটে পড়ার পর লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কোল জানিয়েছিলেন, চোট অনেক গুরুতর। এমনকি ৬-৮ সপ্তাহের মতো ছিটকে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন কোল। তাতে করে এশিয়ান কাপ বাছাইপর্বে হামজার খেলা নিয়ে দুশ্চিন্তা বেড়ে যায়। ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। তবে জামালের কথা সত্যি হলে হামজাকে নিয়ে আশ্বস্ত হতেই পারেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।



মধ্যবর্তী দলবদলের লম্বা বিরতি শেষে আজ আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। আবারও মাঠের ব্যস্ততা শুরু হচ্ছে জামালদের। গতকাল রমজানের বিকেলে গোপীবাগে ব্রাদার্স ইউনিয়নের মাঠে প্রস্তুতি নিতে দেখা গেল জামাল ভূঁইয়াকে। অনুশীলন শেষে দেশের একটি গণমাধ্যমকে যে সাক্ষাৎকার দিয়েছেন, তাতে ক্লাব ফুটবল নয়; থাকল শুধুই নারী ফুটবল ও ছেলেদের জাতীয় ফুটবল দলের প্রসঙ্গ। নারী এশিয়ান কাপে বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তারের খেলা খুব ভালো লেগেছে বলে জানিয়েছেন জামাল।

সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে আজ উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে মিলি অসাধারণ কিছু না করলে হারের ব্যবধান আরও বেশি হতে পারত। বাংলাদেশের লক্ষ্য বরাবর ১০ শট নিয়েছে উত্তর কোরিয়া। যার মধ্যে পাঁচটিই মিলি ঠেকিয়ে দেন অবিশ্বাস্য দক্ষতায়। এর আগে চীনের বিপক্ষেও আটটি সেভ দিয়েছেন মিলি। ধারাভাষ্য কক্ষ থেকেও বাংলাদেশের গোলরক্ষককে নিয়ে প্রশংসা ছুটে আসে অবিরত।

এমকে/এসএন

মন্তব্য করুন