ভারতীয় ক্রিকেটারকে পরিসংখ্যান টেনে ধুয়ে দিলেন আমির
ছবি: সংগৃহীত
১১:০৩ পিএম | ০৬ মার্চ, ২০২৬
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সম্ভাবনা এবং অভিষেক শর্মার ব্যাটিং নিয়ে আমিরের কিছু নেতিবাচক ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়েছে। এরপরই ভারতীয় সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ মন্তব্য করেছিলেন যে, আমির ভারতের বিপক্ষে কথা বলে মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন। এবার নিজের ইউটিউব চ্যানেলে এর কড়া জবাব দিয়েছেন আমির।
পাকিস্তানি সাবেক এই পেসার সরাসরি কাইফের ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘‘আমি তার পরিসংখ্যান চেক করেছি; তিনি আইপিএলে মাত্র ২৯টি ম্যাচ খেলেছেন এবং স্ট্রাইক রেট মাত্র ১০৩। অন্যদিকে আমি ৩৫০টিরও বেশি টি-টোয়েন্টি খেলেছি। আমার মনোযোগ আকর্ষণের প্রয়োজন নেই।’’
আমির দাবি করেন, কাইফ শুধুমাত্র ভালো ফিল্ডিংয়ের কারণে দলে টিকে ছিলেন। তিনি বলেন, ‘‘আমি পারফরম্যান্স দিয়ে দলে জায়গা পেয়েছি, শুধু ফিল্ডিং করে নয়। তার উচিত ‘দাদাকে’ (সৌরভ গাঙ্গুলি) ধন্যবাদ জানানো। কারণ দাদার কারণেই কাইফ একাদশে সুযোগ পেতেন।’’
আমির স্পষ্ট করেন যে তিনি ভারত-বিরোধী নন। অতীতে তিনি রোহিত শর্মা এবং বিরাট কোহলির প্রশংসা করেছেন। কিন্তু বর্তমান দলটিকে তার কাছে ফেবারিট মনে হয়নি বলেই তিনি নিজের মতামত দিয়েছেন।

আমির শুরুতে অভিষেক শর্মাকে কেবল একজন ‘স্লগার’ (যিনি শুধু জোরে মারতে পারেন) বলে অভিহিত করেছিলেন।
আমির বলেছিলেন ভারত সেমিফাইনালে পৌঁছাতে পারবে না। কিন্তু ভারত কেবল সেমিফাইনালই খেলেনি, বরং ইংল্যান্ডকে হারিয়ে এখন ফাইনালে। মূলত এই কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির ব্যাপক ট্রোলিংয়ের শিকার হচ্ছেন।
ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ এই সুযোগে আমিরকে খোঁচা দিয়ে বলেন, পাকিস্তানে আলোচনায় থাকতেই তিনি ভারত নিয়ে আজেবাজে কথা বলছেন। এই কথার পরিপ্রেক্ষিতে আমির বলেন, ‘‘আমিও বলতে পারি যে, পাকিস্তানে একটু পরিচিতি পাওয়ার জন্যই হয়তো কাইফ মোহাম্মদ আমিরের নাম মুখে নিয়েছেন।’’
এসকে/টিকে