© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিউজিল্যান্ড এলেই ধার কমে যায় বুমরাহ’র, আলোচনায় পরিসংখ্যান

শেয়ার করুন:
নিউজিল্যান্ড এলেই ধার কমে যায় বুমরাহ’র, আলোচনায় পরিসংখ্যান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫০ পিএম | ০৭ মার্চ, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৭ রানে জিতেছিল ভারত। তাদের দেওয়া ২৫৪ রানের লক্ষ্য তাড়ায় ইংলিশরা হাড্ডাহাড্ডি লড়াই উপহার দেয়। তবে ম্যাচের পার্থক্য গড়ে দেন জাসপ্রিত বুমরাহ। দুই দল মিলিয়ে ৪০ ওভারে ৪৯৯ রান তুললেও, বুমরাহ ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে ১ উইকেট শিকার করেন। যদিও ফাইনালের আগে প্রতিপক্ষ নিউজিল্যান্ডের সঙ্গে তার সাম্প্রতিক পারফরম্যান্স নতুন করে আলোচনায় এসেছে।

বিশ্বকাপের আগে জানুয়ারিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত ও নিউজিল্যান্ড। যেখানে স্বাগতিক সূর্যকুমার যাদবের দল ৪-১ ব্যবধানে জিতেছে। তবে ভারতের দাপুটে পারফরম্যান্সের বিপরীতে কিছুটা ধারহীন ছিলেন বুমরাহ। ওই সিরিজে তিনি ৪ ম্যাচে ৪ উইকেট শিকার করলেও ইকোনমি ছিল ৯.৪৬। বুমরাহ’র হিসাবে এই ইকোনমি বেশ ব্যয়বহুলই।

কেবল ওই সিরিজেই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে সব ফরম্যাটেই ভারতীয় এই গতিতারকার পরিসংখ্যান ঠিক বুমরাহ-সুলভ নয়। এখন পর্যন্ত কিউইদের বিপক্ষে ৩২ বছর বয়সী এই পেসার ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন, যেখানে ওভারপ্রতি ৭.০৫ ইকোনমিতে তিনি ১৬ উইকেট শিকার করেছেন। যা বুমরাহ’র আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সঙ্গে মানানসই নয়। ৯৪ টি-টোয়েন্টিতে ৬.৫৫ ইকোনমিতে তিনি ১১৭ উইকেট নিয়েছেন। কিউইদের বিপক্ষে পরিসংখ্যানটা ভালো হলে তার পুরো পারফরম্যান্স গ্রাফটা অন্যরকম হতে পারত।

একইভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ ওয়ানডেতে ৪.৮৩ ইকোনমিতে ১৩ উইকেট এবং ৫টি টেস্টে ২.৯৩ ইকোনমিতে ৯ উইকেট নিয়েছেন বুমরাহ। দলভিত্তিক পরিসংখ্যানে কিউইদের সঙ্গেই সবচেয়ে বেশি ইকোনমি ও তুলনামূলক খারাপ পারফরম্যান্স রয়েছে তার। অথচ, আন্তর্জাতিক ক্যারিয়ারের যেকোনো ফরম্যাটেই বুমরাহ’র বোলিং পরিসংখ্যান তাকে সর্বকালের সেরা পেসারদের তালিকায় যুক্ত করেছে। ৮৯ ওয়ানডেতে ৪.৫৯ ইকোনমিতে ১৪৯ উইকেট এবং ৫২ টেস্টে ২.৭৭ ইকোনমিতে ২৩৪ উইকেট রয়েছে তার।



আগামীকাল (রোববার) আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত তৃতীয়বার এবং প্রথম শিরোপার আশায় নামবে নিউজিল্যান্ড। দুই দল মুখোমুখি হওয়ার আগে ফের আলোচনায় স্বাগতিকদের সেমিফাইনাল জয়ের অন্যতম নায়ক বুমরাহ। সঞ্জু স্যামসন ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেললেও তিনিসহ অনেকের মতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা বুমরাহ- ই প্রাপ্য।

ফাইনালের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তার রেকর্ড যখন কাটাছেঁড়া চলছে, তখন তার পক্ষ নিলেন কিউই অলরাউন্ডার গ্লেন ফিলিপস।

বুমরাহকে নিয়ে তিনি বলেন, ‘সে-ও তো মানুষ। তারও খারাপ দিন যেতে পারে, যেমনটা আমাদেরও যায়। আশা করি তার বিপক্ষে আমরা ভালো দিন কাটাব। দ্বিপাক্ষিক সিরিজে তার বিপক্ষে আমাদের সফরটা সত্যিই ভালো হয়েছিল, কিন্তু সে বিশ্বমানের বোলার। তার অনেক ভেরিয়েশন আছে। বিশেষ করে ডেথ ওভারে সে বড় ধরনের আঘাত করতে পারে। বোলারদের খারাপ দিন যেতে পারে, আমাদের সেই সুযোগ নিতে হবে। আর সে যদি ভালো বল করে, আমাদের মানিয়ে নিতে হবে।’

এসকে/টিএ


মন্তব্য করুন