মাঠের বাইরেও ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের রেকর্ড
ছবি: সংগৃহীত
০৫:১৭ পিএম | ০৭ মার্চ, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালে হয়েছে গাদাগাদা রেকর্ড। রান থেকে শুরু করে ছক্কা মাঠের ভেতরে একাধিক কীর্তি হয়েছে। তবে মাঠের বাইরেও এই ম্যাচ নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। ডিজিটাল ভিউয়ারশিপের একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচটি।
ভারতের স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিওহটস্টার-এ ম্যাচ চলাকালে একসঙ্গে লাইভে খেলা দেখেছেন ৬ কোটি ৫২ লাখ দর্শক। বিশ্বের যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে লাইভ ইভেন্ট একযোগে দেখার নতুন বিশ্বরেকর্ড হয়েছে।

এছাড়া জিওহটস্টার-এ ম্যাচটিতে ৬১ কোটি ৯০ লাখ ভিউ হয়েছে, যা ইতিহাসের সবচেয়ে বেশি দেখা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। ৫৩ কোটি ৩০ লাখ ভিউয়ের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের রেকর্ড ভেঙেছে এটি।
দুই ইনিংস মিলিয়ে প্রায় ৫০০ রানের ম্যাচে ভারত জিতেছে সাত রানে। টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মজুড়ে সেমিফাইনালে ৩২ কোটি ভিউয়ার অতিক্রম করেছে। আর সব মিলিয়ে দেখা হয়েছে দুই হাজার ৩০০ কোটি মিনিট, তাতে সবচেয়ে বেশি সময় ধরে দেখা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের কীর্তি গড়েছে এটি।
এসএস/টিএ