গাজীপুরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত
০৫:৩৭ পিএম | ০৭ মার্চ, ২০২৬
গাজীপুরে ঝুট ব্যবসার বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মহড়া দিয়ে হামলা চালিয়ে ঝুট বোঝাই একটি ট্রাক ও ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলার সময় একটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে বাসন মহানগরীর বাসন ভিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা খান ট্রেডিংয়ের প্রোপাইটর কৌশিক খানের সঙ্গে ম্যানেল ফ্যাশন গার্মেন্টসের ঝুট ক্রয়-বিক্রয় নিয়ে একটি চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শনিবার ঝুট নিতে গেলে বাসন থানা বিএনপির নেতা সিরাজুল হক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুলের নেতৃত্বে প্রায় দুই থেকে আড়াইশ জনের একটি দল সেখানে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় এবং ঘটনাস্থলে একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে। হামলার সময় একটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসএস/টিএ