প্রধানমন্ত্রীকে ৭ মার্চ অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল: অতিরিক্ত প্রেস সচিব
ছবি: সংগৃহীত
০৬:৩৭ পিএম | ০৭ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ২০০৭ সালের ৭ মার্চ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল বলে মন্তব্য করেছেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কারাবন্দি দিবস নিয়ে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
ভিডিও বার্তায় আতিকুর রহমান রুমন বলেন, ‘আমাদের প্রিয় নেতা আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ৭ মার্চ রাতে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল। এটা একজন সাক্ষী হিসেবে আমি বলতে পারি।’
অতিরিক্ত প্রেস সচিব বলেন, অতর্কিতভাবে বাড়ি ঘেরাও করে তার (তারেক রহমান) কক্ষ থেকে জোর করে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে নেয়া হয়। আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বারবার এরেস্ট ওয়ারেন্ট দেখতে চান। কিন্তু তারা আমাদের গণতন্ত্রের মাকে এরেস্ট ওয়ারেন্ট দেখাতে পারেননি। যে অন্যায়টি করা হয়েছিল, সেটা কালো অধ্যায় হয়ে থাকবে। এটা আমাদের বুকের মধ্যে একটি কালো দাগ হয়ে আছে।
‘আমি ওই বাড়িতে ছিলাম না, কিন্তু ফোনে সব সময় যোগাযোগ ছিল। যখন তাকে অন্যায়ভাবে নেয়া হচ্ছিল, তখন তিনি তার কথা ভাবেননি, তিনি ফ্যামিলি এবং আমাদেরকেই বারবার বলেছিল যে সাবধানে থাকতে। ৭ মার্চ তাকে যেভাবে অন্যায়ভাবে নেয়া হয়েছিল, যেভাবে তার বিরুদ্ধে বিনা ওয়ারেন্ট এবং বিনা মামলায় গ্রেফতার করা হয়েছিল, এটি একটি কালো অধ্যায় আমাদের কাছে’, যোগ করেন আতিকুর রহমান রুমন।
এমআই/টিকে