© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিরাপত্তা শঙ্কায় এনবিআর, কর্মকর্তা-কর্মচারীদেরকে নতুন নির্দেশ

শেয়ার করুন:
নিরাপত্তা শঙ্কায় এনবিআর, কর্মকর্তা-কর্মচারীদেরকে নতুন নির্দেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৬ পিএম | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয় রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ বেড়ে যাওয়ায় নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক পরিচয়পত্র ব্যবহার করে প্রবেশের নির্দেশ দিয়েছে এনবিআর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এনবিআরের বোর্ড প্রশাসন (এস্টেট শাখা) থেকে এ-সংক্রান্ত জরুরি নোটিশ জারি করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

নোটিশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ অনেক বেড়ে যাওয়ায় নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের লক্ষ্যে এনবিআর ও ভবনের অন্যান্য দপ্তরে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে দাফতরিক পরিচয়পত্র ব্যবহার করে রাজস্ব ভবনে প্রবেশের জন্য নির্দেশ দেওয়া হলো।

এনবিআরের প্রধান কার্যালয় রাজস্ব ভবনে সংস্থাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও দপ্তরের কার্যালয় রয়েছে। এর মধ্যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ), আন্তর্জাতিক কর ইউনিট এবং বিভিন্ন কর আপিল অঞ্চল রয়েছে। একই ভবনে এনবিআরের বাইরের কয়েকটি দফতর ও ট্রাইব্যুনালের কার্যালয়ও রয়েছে।

নোটিশ অনুযায়ী, রাজস্ব ভবনে কর্মরত এসব দফতরের কর্মকর্তা-কর্মচারীদেরও পরিচয়পত্র ব্যবহার করে ভবনে প্রবেশ করতে হবে। এর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগতদের আলাদা করে চিহ্নিত করা সহজ হবে বলে মনে করছে এনবিআর।

এনবিআর সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন পরিচয়ে বহিরাগতদের রাজস্ব ভবনে প্রবেশের প্রবণতা বেড়েছে। বিশেষ করে রাজনৈতিক পরিচয়ে বিভিন্ন ব্যক্তি ভবনে আসছেন। এতে নিরাপত্তা ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হচ্ছে।

সম্প্রতি এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব দায়িত্ব নেওয়ার পর তাকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন ব্যক্তি ও কর্মকর্তাদের ভিড় নিয়েও সংস্থাটির পক্ষ থেকে কিছু পদক্ষেপ নেওয়া হয়। চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর প্রবণতাও নিরুৎসাহিত করা হয়।

এছাড়া বিভিন্ন ব্যাচের এনবিআর কর্মকর্তাদের একসঙ্গে এসে চেয়ারম্যানকে শুভেচ্ছা জানানোর বিষয়টিও বন্ধ করা হয়। অফিস চলাকালে অনুমতি ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল।

তবে এসব পদক্ষেপের পরও রাজনৈতিক বা অন্যান্য পরিচয় ব্যবহার করে বহিরাগতদের প্রবেশ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের জন্যও পোশাক বা বাহ্যিক পরিচয়ের ভিত্তিতে ভবনের কর্মকর্তা-কর্মচারী এবং বহিরাগতদের আলাদা করে চিহ্নিত করা সব সময় সম্ভব হচ্ছিল না।

এ পরিস্থিতিতে রাজস্ব ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দাফতরিক পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হলো।

এনবিআরের দ্বিতীয় সচিব (এস্টেট) মো. রমিজ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত নোটিশটি এনবিআরের সব সদস্য, বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটের প্রধান, আপিল ট্রাইব্যুনাল, সিআইসি, বৃহৎ করদাতা ইউনিট, আন্তর্জাতিক কর ইউনিটসহ রাজস্ব ভবনে থাকা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

নোটিশের অনুলিপি এনবিআর চেয়ারম্যানের একান্ত সচিব, সদস্য (বোর্ড প্রশাসন) এবং প্রথম সচিব (বোর্ড প্রশাসন)-এর কাছেও পাঠানো হয়েছে।

আরআই/টিএ

মন্তব্য করুন