© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটের স্থলবন্দরে অবৈধ রুপি দিয়ে জ্বালানি কেনার চেষ্টা, জব্দ ভারতীয় ট্রাক

শেয়ার করুন:
সিলেটের স্থলবন্দরে অবৈধ রুপি দিয়ে জ্বালানি কেনার চেষ্টা, জব্দ ভারতীয় ট্রাক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৩ এএম | ০৮ মার্চ, ২০২৬
সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দরে অবৈধ ভারতীয় রুপি দিয়ে জ্বালানি তেল কেনার চেষ্টার অভিযোগে একটি ভারতীয় ট্রাক জব্দ করেছে ৫২ বিজিবি। শনিবার (৭ মার্চ) এই অভিযান চালানো হয়। এ ঘটনায় ট্রাকের চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলেও ট্রাকটি এখনো বিজিবির জিম্মায় রয়েছে।

বিজিবি সূত্র জানায়, আটক ভারতীয় ট্রাক চালকের নাম শ্রী নিখিল দাস (৪৫)। তিনি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার কালাইন থানাধীন লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত জলধার দাস।

বিজিবি আরও জানায়, শ্রী নিখিল দাসের পাথরবাহী ট্রাক বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধীনস্থ শেওলা আইসিপি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাথর নিয়ে আসে। পাথর আনলোড করার পর ট্রাকটি ভারতে ফেরার পথে জ্বালানি সংকটে পড়ে। এ অবস্থায় তিনি বাংলাদেশে অবস্থিত ‘নাদিয়া স্টোর’ নামের একটি দোকান থেকে ভারতীয় মুদ্রা রুপি দিয়ে ডিজেল কেনার চেষ্টা করেন। ট্রাকটি জব্দ করে চালককে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

৫২ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় জ্বালানি তেলসহ যেকোনো ধরনের অবৈধ লেনদেন ও চোরাচালান প্রতিরোধে তাদের নজরদারি অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা ও দুই দেশের প্রচলিত নিয়মনীতি অনুসরণ নিশ্চিত করতে তারা কঠোর অবস্থানে রয়েছে।



ইউটি/টিএ


মন্তব্য করুন