নারী দিবসের বিশেষ গান ‘নারী যায় বাড়ি’
ছবি: সংগৃহীত
১২:৩৩ পিএম | ০৮ মার্চ, ২০২৬
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তৈরি হয়েছে বিশেষ গান ‘নারী যায় বাড়ি’। গানটির শিরোনামেই লুকিয়ে আছে এক গভীর অর্থ। নারীরা জীবনের নানা পর্বে ঘর বদলায়- বাবার বাড়ি, স্বামীর বাড়ি, ছেলের বাড়ি কিন্তু নিজের কোনো ঠিকানা কি আসলেই তৈরি হয়? নিজের একটা ঘর না পাওয়ার কষ্ট আর ‘নিজের বাড়ি কবে হবে’ এই গভীর প্রশ্নকে ঘিরে গানের মূল কথা।
রোববার (৮ মার্চ) শহীদ মাহমুদ জঙ্গীর কথায় ও পিলু খানের সুরে গানটি প্রকাশ করবে ‘আজব রেকর্ডস’। এতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের তিন নারী শিল্পী সোমনূর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম। গানটির সংগীতায়োজন করেছেন মীর মাসুম। অ্যানিমেশন ভিডিও নির্মাণ করছেন মীর হিশাম ও সারাফ চিশতী।
গানটি প্রসঙ্গে গীতিকার জঙ্গী বলেন, ‘নারীরা আজীবন তাদের নিজের ঘর খুঁজে বেড়ায়। কখনো বাবার ঘর, কখনো স্বামীর ঘর, কখনো ছেলের ঘর।কখনো নিজের ঘর কি সে খুঁজে পায়? চিরন্তন এই প্রশ্ন নিয়ে গান 'নারী যায় বাড়ি'।’
সুরকার পিলু খান বলেন, ‘জঙ্গী ভাইয়ের সাথে গত চার দশকে নানা বিষয়ভিত্তিক গান করেছি। এবার নারীর কথা নিয়ে একটি গান করলাম। নারীর জীবন আর তার মনের কথাগুলো সুরে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

কোনাল জানান, ‘শহীদ মাহমুদ জঙ্গী ও পিলু খানের গান করতে পেরে তিনি আনন্দিত। এই অভিজ্ঞতাকে সংগীত জীবনের ‘একটি অর্জন’ বলে মনে করেন তিনি।’
অন্তরা বলেন, ‘একজন নারী হিসেবে এমন কথার গানে নিজেকে খুঁজে পেয়েছি৷ আশা করছি গানটি প্রচার হলে ভালো লাগবে।’
আরেক সংগীতশিল্পী মাশাও গানটি নিয়ে বলেন, ‘গানটির থিম আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে নারীদের বা মায়েদের আসল বাড়ি কোনটি, এই চিন্তা আমাকে খুব টেনেছে।’
‘নারী যায় বাড়ি’ গানটি বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাবে। গানটির ভিডিও প্রকাশ পাবে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলসহ তিন শিল্পীর সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে।
পিআর/টিকে