© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

শেয়ার করুন:
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৫ পিএম | ১৪ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার প্রভাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী, শনিবার (১৪ মার্চ) এক দিনেই বিভিন্ন এয়ারলাইনসের সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর মধ্যে দুবাই, মাস্কাট ও দোহাগামী গুরুত্বপূর্ণ ফ্লাইটগুলো রয়েছে বলে জানিয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ার ফিল্ডগুলো এখনো সীমিত পরিসরে চালু থাকলেও কাতারের দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

ফলে এসব রুটে নিয়মিত শিডিউল বজায় রাখা সম্ভব হচ্ছে না।

আজকের বুলেটিন অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- বিমান বাংলাদেশ এয়ারলাইনস : দুবাই থেকে আসা একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইনস : মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা একটি অ্যারাইভাল ও দুটি ডিপার্চার ফ্লাইট। সালাম এয়ার : ওমানের মাস্কাট থেকে আসা একটি অ্যারাইভাল ও মাস্কাটগামী একটি ডিপার্চার ফ্লাইট।

তবে সংকটের মাঝেও কিছু আশার আলো দেখা যাচ্ছে। আজ বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত ৬টি অ্যারাইভাল এবং ৪টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল। বিশেষ করে শারজাহ ও দুবাই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলার ফ্লাইট চলাচল অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা শুরুর পর আজ পর্যন্ত এই বিমানবন্দর থেকে মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং যাত্রীদের নিয়মিত আপডেট নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এমআর/টিকে 

মন্তব্য করুন