© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথম ট্রান্সজেন্ডার সংসদ সদস্য পেল নেপাল

শেয়ার করুন:
প্রথম ট্রান্সজেন্ডার সংসদ সদস্য পেল নেপাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৪ পিএম | ১৬ মার্চ, ২০২৬
নেপালের প্রথম ট্রান্সজেন্ডার নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ভূমিকা শ্রেষ্ঠা। গলায় ফুলের মালা পরিয়ে সোমবার তাকে স্বাগত জানানো হয়, যা হিমালয়াঞ্চলীয় দেশটির প্রান্তিক এই সম্প্রদায়ের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

নেপালের নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, ৩৭ বছর বয়সী শ্রেষ্ঠা মধ্যপন্থী দল রাষ্ট্রিয় স্বাধীনতা পার্টির (আরএসপি) অনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। দলটি গত সপ্তাহে ১৮২টি আসন নিয়ে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

এলজিবিটিকিউ অধিকারকর্মী শ্রেষ্ঠা এএফপিকে বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত, তবে একই সঙ্গে কাঁধে বড় দায়িত্বও অনুভব করছি।’

তিনি বলেন, ‘আমাদের সংবিধানে আমাদের সম্প্রদায়ের জন্য নানা বিধান রয়েছে, কিন্তু সেগুলো এখনো আইন ও নীতিতে পুরোপুরি প্রতিফলিত হয়নি। আমাদের সম্প্রদায় আশা করে আমি সংসদে আমাদের বিষয়গুলো তুলে ধরব।’

৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে গঠিত ২৭৫ সদস্যের প্রতিনিধি পরিষদে তিনি দায়িত্ব পালন করবেন। এটি গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী বিক্ষোভে সরকার পতনের পর প্রথম নির্বাচন।
র‌্যাপার থেকে রাজনীতিক হওয়া বালেন্দ্র শাহের নেতৃত্বাধীন আরএসপি ১৬৫টি সরাসরি নির্বাচিত আসনের মধ্যে ১২৫টি জিতেছে এবং অনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে আরো ৫৭টি আসন পেয়েছে। ফলে দলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার থেকে মাত্র দুটি আসন কম পেয়েছে।

এলজিবিটিকিউ অধিকার সংগঠন ব্লু ডায়মন্ড সোসাইটির (বিডিএস) সভাপতি উমিশা পান্ডে শ্রেষ্ঠার নির্বাচিত হওয়াকে ‘ঐতিহাসিক’ মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আমাদের যন্ত্রণা, কষ্ট, অনুভূতি, গল্প এবং প্রতিটি সমস্যাকে আমরা নিজেরাই সবচেয়ে ভালো বুঝি, অন্যরা নয়।’

দক্ষিণ এশিয়ার মধ্যে এলজিবিটিকিউ অধিকার নিয়ে নেপালের আইন তুলনামূলকভাবে অগ্রসর।

২০০৭ সালে দেশটি লিঙ্গ বা যৌন অভিমুখিতার ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করে। ২০১৩ সালে নাগরিকত্ব নথিতে ‘তৃতীয় লিঙ্গ’ শ্রেণি চালু করা হয় এবং ২০১৫ সালে ‘অন্যান্য’ শ্রেণি যুক্ত পাসপোর্ট চালু হয়।

২০২৩ সালে সুপ্রিম কোর্টের এক অন্তর্বর্তী আদেশে সমলিঙ্গ ও ট্রান্সজেন্ডার দম্পতিদের বিয়ে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়।


ইউটি/টিএ

মন্তব্য করুন