© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক / পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা

শেয়ার করুন:
পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৯ পিএম | ১৭ মার্চ, ২০২৬
অস্ট্রিয়ার ভিয়েনায় গ্লোবাল ফ্রড সামিটের দ্বিতীয় দিনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লর্ড হ্যানসন-এর মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় বিকেলে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারের এমওই৩ কক্ষে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে সন্ত্রাসবাদ দমন, সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। এ সময় কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে একমত হন উভয় পক্ষ।

২০২৬ সালের জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাজ্যের সমর্থনের জন্য ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে নিরাপত্তা সংস্কার, অভিবাসন ব্যবস্থাপনা ও অপরাধ বিচার খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন ও সংস্কার বিষয়টি গুরুত্ব পায়। স্বরাষ্ট্রমন্ত্রী মানবাধিকার সুরক্ষা ও জবাবদিহিতা নিশ্চিত করতে যুক্তরাজ্যের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ সহযোগিতা কামনা করেন।

রোহিঙ্গা ইস্যুতেও আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানানো হয়। নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে বৈশ্বিক উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মন্ত্রী।

জবাবে লর্ড হ্যানসন বাংলাদেশের নিরাপত্তা খাত সংস্কার উদ্যোগ ও আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকার প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসএন 

মন্তব্য করুন