ন্যাটো মারাত্মক ভুল করছে, হুঁশিয়ারি ট্রাম্পের
ছবি: সংগৃহীত
০১:৩৩ এএম | ১৮ মার্চ, ২০২৬
হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে যোগ দিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অস্বীকৃতি জানানোকে অত্যন্ত বোকার মতো সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে এক বক্তৃতায় ন্যাটো জোটের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
হরমুজ প্রণালিতে সৈন্য পাঠানোর জন্য অন্যান্য দেশগুলোকে করা অনুরোধের বিষয়ে ট্রাম্প বলেন, ‘‘তারা আমাদের সাহায্য করতে চায় না; যা সত্যিই বিস্ময়কর, অত্যন্ত বিস্ময়কর।
ন্যাটো ও পশ্চিমা মিত্রদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘‘আমরা তাদের রক্ষা করব, কিন্তু বিশেষ প্রয়োজনের সময় তারা আমাদের জন্য কিছুই করবে না। আমাদের তাদের কোনও সাহায্যের প্রয়োজন নেই।
তিনি বলেন, ‘‘ন্যাটো খুবই বোকামি করছে।’’ ট্রাম্প বলেন, ‘‘যেহেতু আমরা সামরিকভাবে অনেক বড় সাফল্য পেয়েছি, তাই আমাদের আর ন্যাটো দেশগুলোর সহায়তার ‘প্রয়োজন’ নেই এবং আমরা তা প্রত্যাশাও করি না। আমাদের কখনও তাদের প্রয়োজন ছিলও না!’’
এর আগে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ন্যাটোর তীব্র সমালোচনা ও ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করে দেওয়ার দাবি করেছেন তিনি।
পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আমাদের ন্যাটোর বেশিরভাগ ‘মিত্র’ দেশ যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, ‘‘তারা ইরানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আমাদের সামরিক অভিযানে যুক্ত হতে চায় না।’’
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তায় মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ ও নৌসেনা পাঠানোর আহ্বান জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন মিত্র ও ইউরোপের প্রায় সব দেশই তার সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে।
ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্যরাষ্ট্র সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউর সদরদপ্তরে এ ইস্যুতে বৈঠক করে। বৈঠক শেষে ইইউর পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান কাজা কাল্লাস এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, এই উন্মুক্ত যুদ্ধ নিয়ে ইউরোপের কোনও আগ্রহ নেই এবং ইইউর কোনও সদস্যরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনও ধরনের সামরিক পদক্ষেপে সক্রিয়ভাবে সংশ্লিষ্ট হতে ইচ্ছুক নয়।
সূত্র: আল জাজিরা
এমআর/টিকে