© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোলেইমানির মৃত্যুর খবর নিশ্চিত করে কঠোর হুঁশিয়ারি ইরানের

শেয়ার করুন:
সোলেইমানির মৃত্যুর খবর নিশ্চিত করে কঠোর হুঁশিয়ারি ইরানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৫ এএম | ১৮ মার্চ, ২০২৬
বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানের ইসলামি বিপ্লবী বাহিনী (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা- তাসনিম এর বরাত দিয়ে আইআরজিসি জানিয়েছে, সোলেইমানি আমেরিকান-জায়নিস্ট শত্রুদের হামলায় নিহত হয়েছেন। খবর আল জাজিরা’র।

সোলেইমানি গত ছয় বছর ধরে বাসিজ বাহিনীর নেতৃত্বে ছিলেন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কার্যক্রম তদারকি করতেন। আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়েছে, তিনি বাসিজের জনগণভিত্তিক ও জিহাদি কাঠামোকে আধুনিকায়ন, সামাজিক কর্মসূচি বাস্তবায়ন, দারিদ্র্য দূরীকরণ এবং অসহায় ও বিপন্নদের সহায়তা প্রদানে একটি ‘কৌশলগত ও অতুলনীয় ভূমিকা’ পালন করেছেন।

আইআরজিসি আরও উল্লেখ করেছে, এই কাপুরুষোচিত হত্যাকাণ্ড প্রমাণ করে বাসিজের গুরুত্ব এবং মার্কিন সন্ত্রাসী বাহিনী ও জায়নিস্ট শাসকগোষ্ঠী এবং তাদের দোসরদের বিরুদ্ধে সর্বস্তরের লড়াইয়ে বাসিজের অবদান অপরিসীম।

এদিকে সোলেইমানির মৃত্যুতে কঠোর হুঁশিয়ার দিয়েছে আইআরজিসি। এক বিবৃতিতে তারা বলেছে, ‘এই উচ্চপদস্থ শহীদের হত্যাকারীদের জানাতে চাই, বাসিজ কখনো শহীদ নেতার, শহীদ কমান্ডারদের এবং জনগণের শহীদ সদস্যদের রক্ত ত্যাগ করবে না। তাদের মৃত্যু বরং ইরানি জাতি ও সকল বাসিজ যোদ্ধাদের প্রতিরোধের সংকল্প দ্বিগুণ করবে।’

আইআরজিসি আরও জানিয়েছে, সোলেইমানিসহ শহীদদের স্মৃতিতে বাসিজ বাহিনী এবং ইরানি জাতি ‘প্রতিরোধের পথ অব্যাহত রাখার জন্য আরও দৃঢ় হবে।’

এর আগে সোলেইমানিকে হত্যার দাবি করে ইসরাইলি বাহিনী বলেছে, সোলেইমানিকে হত্যা ইরানের ‘কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল কাঠামোর’ ওপর একটি ‘বড় আঘাত’ এবং ইরানি কমান্ডারদের বিরুদ্ধে ‘শক্তি প্রয়োগ অব্যাহত রাখার’ অঙ্গীকার।

এমআর/টিএ 

মন্তব্য করুন