লোহিত সাগর থেকে পিছু হটছে মার্কিন বিমানবাহী রণতরী
ছবি: সংগৃহীত
০৩:৪৫ পিএম | ১৮ মার্চ, ২০২৬
লোহিত সাগর থেকে পিছু হটছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। রণতরীটিতে আগুন ধরে নাবিক আহত ও ১০০ বিছানা ধ্বংস হয়ে যাওয়ায় সেটিকে মেরামতের জন্য গ্রিসের ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হচ্ছে।
দীর্ঘ ৯ মাস ধরে এক সাগর থেকে আরেক সাগরে যাত্রা করছে জেরাল্ড আর ফোর্ড। সম্প্রতি শুরু হওয়া ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহায়তার জন্য এই রণতরীটি মোতায়েন করা হয়।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, দীর্ঘ সময় ধরে সাগরে থাকার কারণে নাগরিক মনোবল এবং রণতরীটির প্রস্তুতি নিয়েও প্রশ্ন রয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা রয়টার্সকে ১৩ বিলিয়ন ডলারের এই রণতরীটি ঠিক কতদিন ক্রিটে থাকবে, তা জানাননি।
একজন কর্মকর্তা জানিয়েছেন, জাহাজটির প্রধান লন্ড্রি এলাকায় আগুন লাগার পর প্রায় ২০০ জন নাবিক ধোঁয়াজনিত সমস্যার জন্য চিকিৎসা নিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা সময় লেগেছে এবং এতে প্রায় ১০০টি শয্যা (ঘুমানোর স্থান) ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরেকজন কর্মকর্তা বলেন, একজন সেনাসদস্যকে আহত অবস্থায় জাহাজ থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। পেন্টাগন এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
মার্কিন সেন্টকমের বরাতে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, দুইজন নাবিক “প্রাণঘাতী নয় এমন” আঘাতের জন্য চিকিৎসা নিয়েছেন।
আগুন লাগার পর প্রথমদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, জাহাজটির প্রপালশন (চালনা) ব্যবস্থায় কোনো ক্ষতি হয়নি এবং এয়ারক্রাফট ক্যারিয়ারটি সম্পূর্ণভাবে সচল রয়েছে।
চার হাজারের বেশি নাবিক বহনকারী এই বিমানবাহী রণতরীটি সমুদ্রে থাকার সময় এর টয়লেট ব্যবস্থায় গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের বর্ণনা অনুযায়ী, জাহাজটিতে টয়লেটের লাইন বন্ধ হয়ে যাওয়া এবং দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।
টিকে/