অস্ত্র প্রশিক্ষণের অভিযোগ, ভারতে ৭ আমেরিকান ও ইউক্রেনীয় গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৫:১৩ পিএম | ১৮ মার্চ, ২০২৬
কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে ড্রোন ও অস্ত্র প্রশিক্ষণের অভিযোগে ৭ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। তাঁদের মধ্যে ১ জন মার্কিন ও বাকি ৬ জন ইউক্রেনের নাগরিক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ দমন আইনে মামলা করা হয়েছে। এনডিটিভি বলছে, মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তিদের দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে হাজির করা হয়। এ সময় এনআইএ ১৫ দিনের রিমান্ড চাইলে আদালত ১১ দিন মঞ্জুর করেন। রিমান্ড শেষে আগামী ২৭ মার্চ তাঁদের আবার আদালতে আনা হবে।
তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক ম্যাথিউ ভ্যানডাইককে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়। আর ইউক্রেনের ৩ নাগরিককে লখনউ এবং অন্য ৩ জনকে দিল্লি থেকে আটক করা হয়। তাঁরা হলেন হুরবা পেত্রো, স্লিভিয়াক তারাস, ইভান সুকমানভস্কিই, স্টেফানকিভ মারিয়ান, হনচারুক ম্যাকসিম এবং কামিনস্কি ভিক্টর।
মামলার তদন্তকারীরা জানিয়েছেন, অন্তত ১৪ জন ইউক্রেনীয় পর্যটক ভিসায় ভারতে এসে গুয়াহাটি হয়ে মিজোরামে যান। সেখান থেকে কোনো কাগজপত্র ছাড়াই তাঁরা মিয়ানমারে প্রবেশ করেন।
এনআইএ মনে করছে, এই দলটি বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠীকে যুদ্ধে ড্রোনের ব্যবহারসংক্রান্ত প্রশিক্ষণ দিচ্ছিল। এসব গোষ্ঠীর সঙ্গে ভারতে সক্রিয় থাকা বিদ্রোহী ও সন্ত্রাসী সংগঠনগুলোর সম্পর্ক আছে বলেও ধারণা তাঁদের।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইউরোপ থেকে ড্রোন সরঞ্জামের বড় একটি চালান ভারত হয়ে মিয়ানমার যাচ্ছিল। আদালতে এনআইএ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনের ফরেনসিক বিশ্লেষণ চলছে।
এসএস/টিকে