পটিয়ায় বাস উল্টে নিহত ১, আহত ২১
ছবি: সংগৃহীত
০৪:৫৫ পিএম | ২১ মার্চ, ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস উল্টে গিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২১ জন আহত হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের ভাটিখাইন রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
পটিয়া হাইওয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি সড়কে উল্টে যায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহায়তা করি এবং দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে কাজ করছি। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। ঈদে বাড়তি যানবাহন চলাচল ও তাড়াহুড়ার কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।
চালকদের সতর্কভাবে গাড়ি চালানোর জন্য আমরা বারবার নির্দেশনা দিয়ে আসছি। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অরুপ জানান, আহতদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
আরো কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মিনাক্ষি (৩৮), জান্নাতুল ফেরদৌস (৩৫), তাসপিয়া (৭), আবদুর রহিম (৯), মো. ইব্রাহীম (৫৫), প্রবীর শীল (৪২), শাওরিন সুলতানা (২৫), সুলতানা রাজিয়া (৫১), আকতার বেগম (৫৪), ওয়াজিদা (৯), সুবাইকা জান্নাত (২০), ইউনুস (৩৮), ইসলাম খাতুন (৭০), আবুল কাশেম (৬০), আবু হানিফ (৩৮), মিরাজুল হক (১৪), মাইমোনা (৭), প্রান্ত শীল (১৭), জাহান (৪০), আদিত্য বিশ্বাস (১৩) এবং এক জন অজ্ঞাত ব্যক্তি।
পটিয়া হাইওয়ে পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান বলেন, ‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কক্সবাজার যাওয়ার পথেই পটিয়া বাইপাস সড়ক অতিক্রম করার সময় এক পথচারীকে বাঁচাতে গিয়ে মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন কিন্তু তার নাম-পরিচয় জানা যায়নি। পটিয়া হাসপাতালে রাখা হয়েছে অজ্ঞাত মরদেহটি।
তার নাম-পরিচয় সনাক্তকরণের কাজ চলছে। একই সঙ্গে ঈদযাত্রায় সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং চালকদের অতিরিক্ত গতি ও অসতর্কতা এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি।’
এমআই/টিকে