ইরাকে গোয়েন্দা সদরদপ্তরসহ কয়েকটি মার্কিন স্থাপনায় ভয়াবহ হামলা
ছবি: সংগৃহীত
১০:২৪ পিএম | ২১ মার্চ, ২০২৬
ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে অবস্থিত ইরাকি ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের সদরদপ্তরে ড্রোন হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইরাকি সরকারের নিরাপত্তা মিডিয়া ইউনিটের প্রধান জেনারেল সাদ মান এ তথ্য নিশ্চিত করেন।
এদিক স্থানীয় সময় সকাল প্রায় ১০টার দিকে মানসুর জেলায় অবস্থিত ইরাকি ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের সদরদপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, ড্রোনটি একটি ভবনকে লক্ষ্য করে ছোড়া হয়।
তিনি আরও বলেন, ওই ভবনে একটি ইরাকি নিরাপত্তা সংস্থা কার্যক্রম পরিচালনা করে। তারা ইরাকে নিরাপত্তা বিষয়ক কাজে যুক্তরাষ্ট্রের উপদেষ্টাদের সঙ্গে সমন্বয় করে।
একই সূত্র জানায়, অভিযানের ভিডিও ধারণকারী আরেকটি ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি স্পোর্টস ক্লাবে আছড়ে পড়ে। ক্লাবটি ইরাকি অভিজাত ও বিদেশি কূটনীতিকদের মধ্যে জনপ্রিয়।
ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের সদরদপ্তরে এই হামলার কয়েক ঘণ্টা আগে মার্কিন সামরিক কমপ্লেক্সে আরেকটি হামলা চালানো হয়। এ ছাড়া শুক্রবার (২০ মার্চ) গভীর রাত থেকে শনিবার ভোরের মধ্যে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত একটি মার্কিন কূটনৈতিক ও লজিস্টিকস কেন্দ্রকে অন্তত তিনটি ড্রোন হামলা চালানো হয়। সেখানে মার্কিন সেনা সদস্যরা অবস্থান করছেন বলে দুই নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন।
তাদের একজন জানান, তৃতীয় হামলার পর ঘাঁটির কাছে আগুন লেগে যায়। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি প্রতিবেশী ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে সৃষ্ট আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়েছে ইরাক। এরপর থেকেই দেশটির বিভিন্ন স্থানে নিয়মিত হামলার ঘটনা ঘটছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এসব হামলা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। এর জবাবে এসব গোষ্ঠী প্রায় প্রতিদিনই মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলার দাবি করছে, যা মূলত ইরাকসহ বৃহত্তর অঞ্চলে সংঘটিত হচ্ছে।
সূত্র: আল জাজিরা
আইকে/টিকে