কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা / চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত
০৭:১৮ এএম | ২২ মার্চ, ২০২৬
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ জন নিহত হওয়ার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
গতকাল শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে সংঘটিত এ দুর্ঘটনার পর থেকে দুর্ঘটনাকবলিত মেইল ট্রেনটি ঘটনাস্থলেই আটকে আছে।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন আনা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঈদের দিনে মূলত এই মেইল ট্রেনটিই চলাচল করে থাকে। ঈদের পরদিন থেকে সব ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করে। যেহেতু ঈদের রাতেই দুর্ঘটনাটি ঘটেছে, তাই অন্য কোনো ট্রেনের শিডিউলে বড় ধরনের বিঘ্ন বা আটকে পড়ার ঘটনা ঘটেনি। ঢাকা ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনগুলো কুমিল্লায় পৌঁছাতে কিছুটা সময় নেবে, এর মধ্যেই উদ্ধার কাজ শেষ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, শনিবার রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন এবং অন্তত ৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমআর/এসএন