© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১

শেয়ার করুন:
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৪ পিএম | ২২ মার্চ, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় জুলফিকার নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন।


রোববার (২২ মার্চ) সকালে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এই ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুলফিকার সকালে পাবনার দাশুড়িয়া থেকে নিজের প্রাইভেটকার চালিয়ে নাটোরের বনপাড়ার দিকে যাচ্ছিলেন। তার উদ্দেশ্য ছিল সেখানে অপেক্ষমাণ বোন ও দুলাভাইকে নিয়ে আসা। পথে গড়মাটি এলাকায় পৌঁছালে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই জুলফিকার নিহত হন। পরে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পারিবারিক সূত্র জানায়, নিহত জুলফিকার ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আগামীকাল সোমবার তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসকে/এসএন

মন্তব্য করুন